পাকিস্তানের সাধারণ নির্বাচনে তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রার্থীরা সারা দেশের অনেক নির্বাচনী এলাকায় নেতৃত্ব দিচ্ছে বলে দাবি করেছেন দলটির নেতা ও সাবেক মন্ত্রী হাম্মাদ আজহার। তার মতে, পিটিআই পরবর্তী সরকার গঠন করবে। প্রধানমন্ত্রী হবেন ইমরান খান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তান ট্রিবিউন।
হাম্মাদ আজহার বলেন, পিটিআইয়ের সব ভোটার এবং কর্মীদের পাশাপাশি পাকিস্তানের জনগণকে অভিনন্দন জানাই। নানা ভয় এবং নৃশংসতা সত্ত্বেও আপনারা বেরিয়েছেন এবং গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন।
মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া একটি ভিডিও বার্তায় তিনি আরও বলেন, ফর্ম ৪৫ অনুযায়ী, পিটিআই-সমর্থিত প্রার্থীদের বেশিরভাগই এগিয়ে আছেন। তিনি পিটিআই কর্মীদের ভোটকেন্দ্রের বাইরে অবস্থান নেয়ার আহ্বান জানান।
বৃহস্পতিবার পাকিস্তানের জাতীয় পরিষদের ২৬৬ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ইমরান খানের দল ১৩৬ আসনে এগিয়ে আছে দাবি করছে পিটিআই। তবে রাত একটার পরও পাকিস্তানের গণমাধ্যমে কোনো ফল প্রকাশ করা হয়নি; এজন্য শুক্রবার সকাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।