কমনওয়েলথ অবজারভারস গ্রুপের (সিওজি) প্রধান ও নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট ড. গুডলাক এবেলে জোনাথন বলেছেন, ইন্টারনেট সেবার চেয়ে ভোট দেওয়া বেশি গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করার পর সাংবাদিক ও বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত ২৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা ড. জোনাথন এ কথা বলেন।
জিও নিউজ জানিয়েছে, এদিন সিওজি প্রতিনিধি দল এনএ-৪৭ ইসলামাবাদের ভোটকেন্দ্র পরিদর্শন করে এবং ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছ ঘোষণা করার পাশাপাশি সন্তোষ প্রকাশ করে। ড. জোনাথন বলেন, ইন্টারনেট আবিষ্কারের আগেও আমরা নির্বাচন করতাম। তাই ইন্টারনেটের চেয়ে ভোট বেশি গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, ভোটিং প্রক্রিয়ায় ইন্টারনেটের প্রয়োজন নেই। তবে ইন্টারনেট পরিষেবা স্থগিত থাকলে ভোটের ফল প্রকাশে সমস্যা তৈরি হবে।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টায় পাকিস্তানে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়, যা শেষ হবে বিকাল ৫টায়। এর মধ্যে ক্রমবর্ধমান সহিংসতা ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে দেশজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করার কথা জানায় দেশটির তত্ত্বাবধায়ক সরকার।
এখানে উল্লেখ করা প্রয়োজন, নির্বাচনকালীন ইসলামাবাদ, করাচি, রাওয়ালপিন্ডি, লাহোর, পেশোয়ারের মতো বড় শহরগুলোসহ দেশের কয়েকটি অংশে ইন্টারনেট পরিষেবা স্থগিত ছিল।
নির্বাচনের দিন বন্ধ থাকতে পারে ইন্টারনেট
উত্তপ্ত পরিস্থিতিতেই শুরু পাকিস্তানের নির্বাচন, সারাদেশে বন্ধ মোবাইল পরিষেবা
মোবাইল-ইন্টারনেট বন্ধ, পাক নির্বাচনে কারচুপির শঙ্কা