ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্কুলছাত্র খুন

মুন্সীগঞ্জের শ্রীনগরে ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের ছুরিকাঘাতে নীরব হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার কামারগাঁও চৌধুরীবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে।

নীরব কামারগাঁও আলহাজ কাজী ফজলুল হক উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। নীরবের বাবার নাম মৃত দেলোয়ার হোসেন। তাদের বাড়ি চাঁদপুরে। বাবা মারা যাওয়ার পর তার মা দুই ছেলেকে নিয়ে মামা কামারগাঁও গ্রামের খৈয়ম ব্যাপারীর বাড়িতে থাকেন। দুই ছেলের মধ্যে নীরব বড়।

স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার কাজী ফজলুল হক উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান চলাকালে বাঘড়া ইউনিয়নের মাগডাল এলাকার চার-পাঁচজন বখাটে যুবক স্কুলের ছাত্রীদের উত্ত্যক্ত করতে থাকে। এ সময় নীরব প্রতিবাদ করায় বখাটেদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বখাটেরা সেখান থেকে চলে যায়। ওই ঘটনার জের ধরে গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে চৌধুরীবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারের পাশে এসে বখাটেরা নীরবকে ছুরিকাঘাত করে পালিয়ে য়ায়। পরে স্থানীয়রা শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীনগর থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।