এলিফ্যান্ট রোডে গাড়ির ধাক্কায় প্রাণ গেল কিশোরের

রাজধানীর এলিফ্যান্ট রোডে টয়োটা গাড়ির ধাক্কায় ইউসুফ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। সে একটি জুতার দোকানের কর্মচারী ছিল।

গতকাল শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২ টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) সবুজ মিয়া জানান, শুক্রবার দিবাগত রাত সোয়া ৮টার দিকে এ্যালিফেন্ট রোড সুবাস্তু টাওয়ারের সামনে রাস্তায় রাস্তা পার হচ্ছিল ওই যুবক। তখন একটি টয়োটা গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। খবর পেয়ে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১২টার দিকে চিকিৎসার তাকে মৃত ঘোষণা করেন।

এসআই আরও জানান, ইউসুফ পরিবারের সঙ্গে হাজারীবাগ গজমহল এলাকায় থাকতো। তার দেশের বাড়ি ঝালকাঠিতে। বাবার নাম মো. আইয়ুব। রাতে এই দুর্ঘটনার পরপরই গাড়িটি জব্দ করা হয়েছে এবং এর চালককে আটক করা হয়েছে। ইউসুফের মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

এদিকে নিহত ইউসুফের বাবা মো. আইয়ুব জানান, নিউ এলিফ্যান্ট রোডে একটি জুতার দোকানে কাজ করে ইউসুফ। শুক্রবার রাতে তার এক সহকর্মীর মাধ্যমে সড়ক দুর্ঘটনার খবর শুনতে পান তিনি। দুই ছেলে ও এক মেয়ের মধ্যে সবার ছোট ছিল ইউসুফ।