জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা সবার জন্য উন্মুক্ত না হলে দেশের গণতন্ত্র কেড়ে নেওয়া হতো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (১০ ফেব্রুয়ারি) তার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের বর্ধিত সভায় এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
সভায় স্বাগত বক্তব্যে বলেন, “সবার জন্য (আওয়ামী লীগ নেতাকর্মী) নির্বাচনে প্রার্থিতা উন্মুক্ত না হলে শুধু নির্বাচনই কলঙ্কিত হতো না, দেশের গণতন্ত্রকেও কেড়ে নেওয়া হতো।”
এবার উপজেলা নির্বাচনও দলের নেতাকর্মীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
তিনি বলেন, “দলের সকল লোকের জন্য পুনরায় উপজেলা নির্বাচন উন্মুক্ত করে দিয়েছি। নির্বাচনটি ঘনিয়ে এসেছে। এতে কোনো সংঘাত চাই না।”
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে যে কোনো ধরনের সংঘর্ষের বিরুদ্ধে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আমরা কোনো ধরনের সংঘর্ষ চাই না। দায়ি ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে- সে যেই হোক না কেন।”