ভেনু না মেলায় দশম সম্মেলনের তারিখ পরবির্তন করল জাতীয় পার্টি। ২ মার্চের পরিবর্তে ৯ মার্চ সম্মেলনের দিন নির্ধারণ করা হয়েছে।
কারণ হিসেবে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, পবিত্র মাহে রমজানের আগে রাজধানীতে নানা আনুষ্ঠানিকতা থাকায় ও ওইদিন সম্মেলনের জন্য উপযুক্ত ভেন্যু না পাওয়ায় আমরা তারিখ পরিবর্তন করে ৯ মার্চ জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলনের দিন নির্ধারণ করেছি।
শনিবার (১০ ফেব্রুয়ারি) গুলশান নিজ বাসভবনে নিজ অংশের প্রেসিডিয়াম সদস্যদের বৈঠকে এ তথ্য জানিয়েছেন তিনি।
তিনি বলেন, পার্টির এই ক্রান্তিলগ্নে দেশের অগণিত এরশাদপাগল নেতাকর্মীর দাবির মুখে কী এক কঠিন পরিস্থিতিতে জাতীয় পার্টিকে রক্ষার জন্য আমি চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছি। দায়িত্ব গ্রহণের পর আজ আমি পার্টির শীর্ষ নেতা এবং অন্যান্য স্তরের সিনিয়র নেতাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছি। বৈঠকে আমরা জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন প্রসঙ্গে আলোচনা করেছি।
রওশন এরশাদ বলেন, যে দলের লাখ লাখ নেতাকর্মী দক্ষতা ও যোগ্যতায় এখনও সরকার পরিচালনার স্বপ্ন দেখছে, সেই দলটির সাংগঠনিক অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। পল্লীবন্ধু এরশাদের রেখে যাওয়া জাতীয় পার্টির জনপ্রিয়তায় চরম ধস নেমেছে।
পার্টির সব স্তরের নেতাকর্মীদের জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলনে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন রওশন এরশাদ।
কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপি নেতা প্রিন্স