এবার সৈকতে ভেসে আসল মাথাবিহীন মরদেহ

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে একটি মৃতদেহ ভেসে এসেছে। রবিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মরদেহটি সমুদ্রে ভেসে আসে মৃতদেহটি।

পুলিশ জানিয়েছে, উদ্ধারের সময় শুধু শরীর পাওয়া গেছে। দেহের সঙ্গে মাথা ছিল না।

সৈকতে ঝিনুক বিক্রেতা শামীম বলেন, দুপুরের দিকে একটি লাশ ভেসে আসে। লাশটির মাথা নেই। বিষয়টি আমরা প্রশাসনকে জানিয়েছি।

কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মোহাম্মদ মাসুদ রানা জানান, ইনানী সমুদ্র সৈকতে একটি মরদেহ ভেসে এসেছে। উখিয়া থানাকে বিষয়টি জানানো হয়েছে। পুলিশ ব্যবস্থা নিচ্ছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) রফিকুল ইসলাম দেশ রূপান্তরকে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে উখিয়ায় খালের ঝিরি দিয়ে মিয়ানমার থেকে অজ্ঞাত এক মরদেহ ভেসে এসেছে। আজ রবিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বালুখালী কাস্টমস এলাকায় মরদেহটি দেখতে পায় স্থানীয়রা।

মরদেহের মাথায় জলপাই রংয়ের হেলমেট ও গায়ে পরা পোশাক দেখে স্থানীয়রা ধারণা করছেন, মিয়ানমার বাহিনীর কোনো সদস্যের মরদেহ।

উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিদর্শন শেষে তারা ফিরে এলে এ বিষয়ে বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।