উখিয়ায় খালের ঝিরি দিয়ে মিয়ানমার থেকে অজ্ঞাত এক মরদেহ ভেসে এসেছে। আজ রবিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বালুখালী কাস্টমস এলাকায় মরদেহটি দেখতে পায় স্থানীয়রা।
মরদেহের মাথায় জলপাই রংয়ের হেলমেট ও গায়ে পরা পোশাক দেখে স্থানীয়রা ধারণা করছেন, মিয়ানমার বাহিনীর কোনো সদস্যের মরদেহ।
তারা বলেন, মরদেহের মুখে কালি রয়েছে। মাথায় হেলমেট ও গায়ে খাকি পোশাক দেখে মনে হচ্ছে, এটা মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠীর কোনো সদস্যের মরদেহ। মরদেহটি খালের ঝিরির চলন্ত পানিতে মিয়ানমারের ঢেকিবুনিয়া থেকে ভেসে এসেছে।
উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিদর্শন শেষে তারা ফিরে এলে এ বিষয়ে বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
