উল্টে যাওয়া ট্রলির নিচে চাপা পড়লেন চালকই

বরিশাল-পটুয়াখালী মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি উল্টে নিচে পড়ে চালক মো. মেহেদি হাসান (২৮) নিহত হয়েছেন। এসময় আহত হন আরও দুজন।

রবিবার দিনগত রাত পৌনে ৯টার দিকে বাকেরগঞ্জ পৌরসভার টিঅ্যান্ডটি মোড় এলাকায় এঘটনা ঘটেছে। নিহত মেহেদি বাকেরগঞ্জের ভরপাশা ইউনিয়নের বটতলা এলাকার বাসিন্দা বাবুল হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানান, ঘটনার সময়ে ট্রলিতে থাকা আহত তিনজনকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাদের মধ্যে চালক মেহেদীর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, পৌরসভার রুহিতার পাড় বটতলা থেকে ট্রলি চালিয়ে বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন ওই যুবক। বেপরোয়া গতির ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। এতে ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়। তবে অক্ষত রয়েছে ট্রলিতে থাকা অপর চার শ্রমিক। তবে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।