রাচিনের ৩ উইকেটের পর প্রোটিয়াদের সংগ্রাম

হ্যামিল্টন টেস্টের প্রথম দিনটা দুই দলেরই হয়ে থাকল। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া দক্ষিণ আফ্রিকা প্রথম দিন শেষ করেছে ৬ উইকেটে ২২০ রানে। রাচীন রবিন্দ্র দ্রুত ৩ উইকেট নেওয়ায় মনে হচ্ছিল দিনটি হবে স্বাগতিকদের। তবে একেবারে প্রথাগত টেস্ট ক্রিকেট খেলেছেন প্রোটিয়া ব্যাটসম্যানরা।

রান অল্প হলেও (ওভার প্রতি ২.৪৭) নিউজিল্যান্ডের বোলারদের ধৈর্যের পরীক্ষা নিয়েছে দক্ষিণ আফ্রিকা। টপ ও মিডল অর্ডার ভালো করতে না পারলেও প্রথম দিনেই অলআউট হওয়া থেকে দলকে রক্ষা করেছেন ৩৭ বছর বয়সী অভিষিক্ত শন ফন বার্গ ও রুয়ান ডি সোয়ার্ট।

সপ্তম উইকেটে ১৬২ বলে ৭০ রানের অবিচ্ছেদ্য জুটিতে দিন শেষ করেছেন সোয়ার্ট ও বার্গ। সোয়ার্ট ৫৫ ও বার্গ ৩৪ রান নিয়ে আগামীকাল দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নামবেন।

তার আগে মাত্র ৪ রানে উদ্বোধনী জুটি ভাঙে প্রোটিয়াদের। দ্বিতীয় উইকেটে অধিনায়ক নিল ব্র্যান্ড ফন টন্ডারকে নিয়ে ৩৬ রানের জুটি গড়েন। ব্যক্তিগত ২৫ রানে উইলিয়াম ও’রুর্কের বলে আউট হন ব্র্যান্ড। ও'রুর্কের প্রথম টেস্ট উইকেট এটি।

এরপর দাপট দেখান কিউই স্পিনার রাচিন। আউট করেন জুবায়ের হামজা (২০), ডেভিড বেডিংহ্যাম (৩৯) ও কিগান পিটারসেনকে (২)। তবে সপ্তম উইকেট জুটিতে ঘুরে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকা।