গায়ের রঙ নিয়ে কটাক্ষ, মুখ খুললেন সামিরা খান মাহি

গত মাসের শেষ দিকে ফেসবুকে ‘নো মেকআপ লুকে’র একটি ভিডিও ছড়িয়ে পড়ে হালের ক্রেজ অভিনেত্রী সামিরা খান মাহির। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়। আর এতেই কটাক্ষের শিকার হতে হয় অভিনেত্রীকে। গায়ের রং নিয়ে নানা নেতিবাচক মন্তব্য আসতে থাকে। সেসব মন্তব্য ও সমালোচনায় কষ্ট পেয়েছেন, সেটি জানালেন অভিনেত্রী সামিরা খান মাহি।

একটি নাটকের শুটিং সেটে প্রবেশ করছেন অভিনেত্রী সামিরা খান মাহি। নো মেকআপ লুকে সেটে প্রবেশের সময় নিছক মজা করেই একজন ওই দৃশ্য ফোনের ক্যামেরায় ধারণ করেন। যা পরবর্তীতে ফেসবুকে পোস্ট করতেই ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়। এ ব্যাপারে ফেসবুক ভেরিফায়েড পেজে নিজের মতামত জানান তিনি। কিন্তু বিষয়টি নিয়ে রীতিমতো কটাক্ষ চলতেই থাকে সোশ্যালে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) এ ঘটনার ব্যাপারে সংবাদমাধ্যমকে তিনি বলেন, আসলে ওই ভিডিও নিয়ে মানুষের মধ্যে যে এত আলোচনা, তাতে মনে হয়েছে সবাই ছোট মনের পরিচয় দিয়েছে। অনেকের কথা, তুমি দেখতে কালো, এ জন্য ভিডিওতে মুখ ঢেকেছো। আরে ভাই, আমি কি কখনো কোথাও বলেছি আমি দেখতে ফরসা। আর কার গায়ের রং কী, সেটা নিয়ে আমরা কথা বলব?

তিনি বলেন, আমরা এখন অদ্ভুত একটা সমাজে বসবাস করছি। এটা নিয়ে আমার কথা বলতেই বিরক্ত লাগে। হতে পারে আমার চোখে ইনফেকশন, মুখে কিছু একটা ছিল, যেকোনো কারণেই মুখ ঢাকতে পারি আমি। বিষয় হচ্ছে, যিনি ভিডিও করেছেন, কোনো অনুমতি ছাড়াই। তাকে নিয়ে কোনো কথা না বলে আমার মুখ কেন ঢাকা এবং দেখতে কেন কালো―এ নিয়ে কথা হচ্ছে। অদ্ভুত।

এ অভিনেত্রী বর্তমানে আসন্ন ঈদের নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। শিগগিরিই ওটিটির কাজও শুরু করবেন। আর ভালোবাসা দিবসে পাঁচ-ছয়টির মতো নাটক প্রচার হতে পারে বলে জানিয়েছেন সামিরা খান মাহি।