আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। রাত পেরিয়ে ভোরের আলো ছড়ানোর আগেই (বাংলাদেশ সময় ২৫ নভেম্বর, সকাল ৬টায়) পুয়ের্তো রিকোয় অনুষ্ঠিত হতে যাচ্ছে মিস ইউনিভার্স ২০২৬ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। এখন চলছে শেষ সময়ের প্রস্তুতি। এর আগে গত ২২ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতার প্রিলিমিনারি রাউন্ড। সুইমস্যুট ও ইভনিং গাউন, এই দুই পর্বে নিজেদের উপস্থাপন করেছেন প্রতিযোগীরা। দুই পর্বেই অংশ নিয়েছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি।
ভোটের মাঠেও দ্বিতীয় অবস্থানে রয়েছেন তিনি। এখন শুধু ফলাফলের অপেক্সায়। কেমন হতে পারে ফলাফল? প্রতিযোগিতা নিয়ে প্রত্যাশা কতটুকু? এ বিষয়ে মাহি জানান, ‘সত্যি বলতে প্রত্যাশা তো সেরা হওয়ার। শুরু থেকেই বলে আসছি, নিজের সর্বোচ্চটা দিয়ে বাংলাদেশকে তুলে ধরতে। আমার পারফরম্যান্স দেখে দেশের মানুষ যেন গর্বিত হতে পারেন, সেই চেষ্টা থাকবে। তবে ফলাফল যা-ই হোক, আমি চাই বাংলাদেশের নামটা মানুষের মনে থাকুক।’
এই মডেল-অভিনেত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষের কাছ থেকে যে পরিমাণ ভালোবাসা ও সাড়া পাচ্ছি, তাতে আমি অভিভূত। তবে শেষ মুহূর্তের কয়েক ঘণ্টায় দেশের মানুষের সমর্থন খুব গুরুত্বপূর্ণ। সবাইকে অনুরোধ করব, শেষ মুহূর্ত পর্যন্ত ভোট দিয়ে আমার পাশে থাকবেন। আপনাদের প্রতিটি ভোট আমার জন্য এখন আরও মূল্যবান। সবাই আমার জন্য দোয়া করবেন।’
বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মাহি বলেন, ‘আপনাদের ভালোবাসা, দোয়া ও ভোট আমাকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করছে। এত বড় একটা আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য অনেক গর্বের।’