মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মাছবোঝাই পিকআপ উল্টে দুই ব্যবসায়ী নিহত হয়েছে। আহত হয়েছেন চারজন।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে জেলার শ্রীনগর উপজেলার হাঁসাড়া এলাকায় এক্সপ্রেসওয়েতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহত দুই মাছ ব্যবসায়ী হচ্ছেন মো. হাফিজ (৪০), মো. শহীদুল ইসলাম (৩৫)। দুজনের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন মাছ ব্যবসায়ী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে জেলার লৌহজং উপজেলার মাওয়া মাছবোঝাই করে ৬ জন ব্যবসায়ী ঢাকার দিকে যাচ্ছিল। জেলার শ্রীনগর উপজেলার হাঁসাড়া নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারে ধাক্কা লেগে পিকআপটি উল্টে যায়। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দুজন মৃত ঘোষণা করেন। আহত চারজনকে ঢাকা মিডফোর্ট হাসপাতালে পাঠানো হয়েছে।
হাঁসারা হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ জানান, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে ৪ জন। হতাহতরা সবাই মাছ ব্যবসায়ী। মাওয়া থেকে মাছ নিয়ে তারা ঢাকার দিকে যাচ্ছিল।