বরগুনার আমতলীতে বাসচাপায় মো. আলী (১৮) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আজ (১৩ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকাল ১০টার দিকে বরিশাল কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের ছুরিকাঁটা সৈকত ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বরিশাল কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের আমতলী পৌরসভার ছুরিকাঁটা নামক স্থানে ঢাকাগামী ইসলাম পরিবহনের একটি বাস একই দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন। নিহত মো. আলী (১৮) আমতলী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মো. মোশাররফ হাওলাদারের ছেলে।
ঘাতক বাসটির চালক ও তার সহকারীরা বাসটি সৈকত ফিলিং স্টেশনের সামনে রেখে পালিয়ে যান।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।