আশুলিয়ায় ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, ঘটনা তদন্তে কমিটি

সাভারের আশুলিয়ায় ভুল চিকিৎসায় মিজানুর রহমান (৩৬) নামের এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা তদন্তে মঙ্গলবার পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়। কমিটিকে আগামী পাঁচ কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিওলজি) ডা. মোহাম্মদ নাজমুল হুদা মিঠুকে প্রধান করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. আরমান আহমেদ, স্যানিটারি ইন্সপেক্টর মো. মোজাম্মেল হক ও আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইদুল ইসলাম।

কমিটি গঠনের চিঠিতে বলা হয়, ১২ ফেব্রুয়ারি সংবাদমাধ্যমে প্রকাশিত দি-ল্যাব এইড হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর সঠিক কারণ তদন্তে কমিটি গঠন করা হল। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা বলেন, তদন্ত কমিটি করা হয়েছে। পাঁচ কর্ম দিবস সময় দেওয়া হয়েছে। তারা যাবেন। এরপর প্রতিবেদন দেবেন। স্বাস্থ্যসেবায় অপরাধ যেখানেই হবে জিরো টলারেন্স। সঠিক পদক্ষেপ ও ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গতকাল সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জামগড়া ছয়তলা বাসস্ট্যান্ড এলাকায় দি-ল্যাব এইড হাসপাতালে ওই রোগীর মৃত্যু হয়। এর আগে ২০২২ সালের ২৭ এপ্রিল এই হাসপাতালে জরায়ুর অপারেশন করান ৪৫ বছর বয়সী রহিমা আক্তার। চিকিৎসক তার মুত্রথলি কেটে অন্যত্র লাগিয়ে দেন। এরপর তাকে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়। সেখানে ৩৫ দিন রোগেভুগে মারা যান সেই রোগী।