শ্রমিক বিক্ষোভে তিন শিল্পাঞ্চলে বন্ধ ১১০ কারখানা

শ্রমিকদের দাবি, বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যূনতম মজুরি বাড়াতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কাজে ফিরবেন না বলেও জানান তারা। 

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পিএম
 

গাজীপুর, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতিকে কেন্দ্র করে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। শ্রমিকদের আন্দোলনের মুখে গাজীপুরের ৫০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ৩৫টি কারখানা। অন্যদিকে, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের অন্তত ৬০টি তৈরি পোশাক কারখানায় বুধবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বুধবার (২৫ নভেম্বর) সকালে ন্যূনতম মজুরি বৃদ্ধি ও অন্যান্য সুযোগ-সুবিধার দাবিতে শ্রমিকেরা বিভিন্ন কারখানায় কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পরও এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। তাদের দাবি, বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি নির্ধারণ করতে হবে।

গাজীপুরে সকাল সাড়ে ৮টার দিকে ভোগড়া বাইপাস, নাওজোড়, সালনা, চান্দনা চৌরাস্তা, বোর্ডবাজারের সাইনবোর্ড এবং ভাওয়াল মির্জাপুর-মাস্টারবাড়ি এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেন। এতে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ যানজটের সৃষ্টি হয় বিভিন্ন এলাকায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীদের মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

গাজীপুর শিল্প পুলিশের এসপি মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিকদের বিক্ষোভের কারণে জেলার ৫০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৩৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

অন্যদিকে, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলেও একই দাবিতে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টার দিকে শ্রমিকেরা যথাসময়ে কারখানায় প্রবেশ করলেও কাজে যোগ দেননি। তাঁরা ন্যূনতম মজুরি কাঠামো পুনর্নির্ধারণ, বকেয়া ভাতা পরিশোধসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি শুরু করেন।

একপর্যায়ে আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর, জিরাবো, হেমায়েতপুর ও বাইপাইল এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা ভেতরে ও বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। তাদের দাবি, বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যূনতম মজুরি বাড়াতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কাজে ফিরবেন না বলেও জানান তারা। এতে সংশ্লিষ্ট কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়।

পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় এবং কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে মালিকপক্ষ পর্যায়ক্রমে অন্তত ৬০টি কারখানায় বুধবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে। ছুটি ঘোষণার পর শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কারখানা এলাকা ছেড়ে যান। এর আগে সকালে হেমায়েতপুর এলাকায় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনাও ঘটে।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, সকাল থেকে শ্রমিকেরা মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভ করছিলেন। পরিস্থিতি বিবেচনায় মালিকপক্ষ কারখানাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করেছে। কোথাও বড় ধরনের ভাঙচুর বা সংঘর্ষের ঘটনা ঘটেনি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও কারখানার সামনে অতিরিক্ত শিল্প পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

 
সর্বশেষ সর্বাধিক পঠিত