প্লেন থেকে নেমে স্যান্ডউইচে ক্রু পেলেন যাত্রী

মাঝ আকাশে ভারতের ইন্ডিগোর একটি ফ্লাইটে পরিবেশন করা স্যান্ডউইচে পাওয়া গেছে স্ক্রু। সোশ্যাল মিডিয়ায় স্যান্ডউইচের ছবি পোস্ট করে এমন অভিযোগ তুলেছেন এক যাত্রী। রেডইটে ‘ম্যাকারুন ইল৩৬০১’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্টটি শেয়ার করা হয়েছে।

ওই যাত্রী জানিয়েছেন, বেঙ্গালুরু থেকে চেন্নাই যাওয়ার পথে কর্ন অ্যান্ড স্পিন্যাচ স্যান্ডউইচটি পরিবেশন করা হয় তাকে। তবে মাঝ আকাশে নয়, প্লেন থেকে নামার পর খাবারটি খেয়েছিলেন তিনি। তিনি দাবি করেন ঘটনাটি ১ ফেব্রুয়ারির। স্ক্রু পাওয়ার পরে তিনি ইন্ডিগোর সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু তাদের পক্ষ থেকে বলা হয়, প্লেন থেকে নেমে স্যান্ডউইচটি খাওয়া হয়েছিল বলে তারা এ বিষয়ে ব্যবস্থা নিতে পারবে না। 

পোস্টটি ইতোমধ্যেই ভাইরাল হয়েছে। এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে। এক নেটিজেন লিখেছেন, ‘দয়া করে মামলা করুন। ভুল করে গিলে ফেললে আপনার প্রাণহানি হতে পারত।’ তবে এ ঘটনার বিবরণ দিয়ে এক্সে একটি পোস্ট দিয়েছেন তার বন্ধু শেফালি সাক্সেনা।

তিনি লিখেছেন, ‘আমার বন্ধু ইন্ডিগো ৬ই-৯০৪ বিএনজি-এমএইচএ প্লেনের স্যান্ডউইচে একটি স্ক্রু খুঁজে পেয়েছেন। ঘটনাটি সত্যিই চিন্তার। যে কারো স্বাস্থ্যহানি হতে পারত। ভাগ্য ভালো আমার বন্ধু প্লেনে স্যান্ডউইচ খোলেননি। এ ঘটনার তদন্ত চাই।’

এরপর এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে ইন্ডিগো। তারা বলেছে, ‘সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি দেখে আমরা বিষয়টি জানতে পেরেছি। যাত্রাকালীন এই সমস্যার কথা বিমানবালাদের জানানো হয়নি। আমাদের খাবারের মান এবং স্বাস্থ্যবিধির ওপর নজরদারির জন্য একটি ভালো ক্যাটারিং সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা যাত্রীর অসুবিধার কথা শুনে দুঃখিত। আগামী দিনে আরও সতর্ক থাকার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ।’