ভারতের উত্তরপ্রদেশে তাকে বলা হয় ‘লেডি সিংহাম’। সেই তিনিই বিয়ের পর জানতে পারেন স্বামী ভুয়া পরিচয় দিয়েছেন। এমনকি তার নাম ভাঙিয়ে অন্যদের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকাও। শেষ পর্যন্ত বিচ্ছেদের পথেই হাঁটতে হলো ডিএসপি শ্রেষ্ঠা ঠাকুরকে।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ২০১৮ সালে একটি পাত্র-পাত্রী দেখার প্ল্যাটফর্মে রোহিত রাজ নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় শ্রেষ্ঠার। রোহিত নিজেকে আইআরএস অফিসার পরিচয় দিয়েছিলেন। তার কথা বিশ্বাস করেন শ্রেষ্ঠা। ধীরে ধীরে সম্পর্ক বিয়ের দিকে এগোয়।
তবে বিয়ের পর সবকিছু জেনে চোখ কপালে ওঠে লেডি সিংহামের। পারিবারিক ভাবে খোঁজ নিয়ে বুঝতে পারেন ভুয়া পরিচয়ে তাকে বিয়ে করেছেন ওই ব্যক্তি। তারপর স্বামীর ঘর ছেড়ে বেরিয়ে আসেন। দুই বছরের বিবাহিত জীবনের ইতি টেনে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তিনি। স্বামীর নামে পুলিশের কাছে লিখিত অভিযোগও করেন।
জানা গেছে, ওই ব্যক্তি যার নাম ব্যবহার করে শ্রেষ্ঠাকে বিয়ে করেন, নেই নামে আদতেই একজন আইআরএস অফিসার আছেন। তবে বিচ্ছেদের পরেও ভোগান্তি কমেনি শ্রেষ্ঠার। জানতে পারেন, তার নাম ভাঙিয়ে অন্যদের সঙ্গেও প্রতারণা করেছে ‘নকল’ আইআরএস অফিসার। এরপর গাজিয়াবাদে মামলা করেন শ্রেষ্ঠা। ইতোমধ্যে প্রতারককে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে পুলিশ।
