নেতানিয়াহুকে গাধা বললেন বাইডেন

  •  রাফাহতে স্থল হামলার জন্য ইসরায়েল অনড় থাকার মধ্যে বাইডেন নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক প্রায় ‘ছিন্ন করার’ পর্যায়ে চলে এসেছেন বলছে কয়েকটি সূত্র
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০৬ পিএম

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি দিন দিন হতাশ হয়ে পড়ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেনের পরামর্শ উপেক্ষা করায় গোপনে নেতানিয়াহুর সমালোচনাও করেছেন তিনি। এমনকি নেতানিয়াহুকে গাধা বলেও সম্বোধন করেছেন বাইডেন।

বাইডেনের সাথে সম্পর্কিত নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্রের বরাতে এ খবর জানিয়েছে সিএনএন এবং এনবিসি।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট বাইডেন তার উপদেষ্টা এবং অন্যদের বলছেন যে নেতানিয়াহু তার পরামর্শ উপেক্ষা করছেন এবং গাজার মানবিক সংকট দূর করার প্রচেষ্টাকে বাধা দিচ্ছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, গাজায় ইসরায়েলি হামলায় সমর্থন দেওয়ার জন্য ব্যাপক নিন্দার মুখে থাকা বাইডেন এখন নেতানিয়াহুর ব্যাপারে হতাশা প্রকাশ করেছেন। এমনকি মার্কিন পরামর্শ অনুসরণ না করায় নেতানিয়াহুর সমালোচনাও করেছেন তিনি।

এদিকে মার্কিন গণমাধ্যম এনবিসির এক প্রতিবেদনে বলা হচ্ছে, রাফাহতে স্থল হামলার জন্য ইসরায়েল অনড় থাকার মধ্যে বাইডেন নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক প্রায় ‘ছিন্ন করার’ পর্যায়ে চলে এসেছেন।

সোমবার এনবিসির প্রতিবেদনে বলা হয়, বাইডেন ইসরায়েলের চরম ডানপন্থীদের ব্যাপারে ক্রমবর্ধমান ক্ষোভ প্রকাশ করছেন। সম্প্রতি কয়েকজন ব্যক্তির সাথে কয়েকদফা আলোচনার সময় তিনি নেতানিয়াহুকে ‘এই লোক’ এবং ‘গাধা’ বলে মন্তব্য করেছেন।

তবে নেতানিয়াহু সম্পর্কে বাইডেনের ব্যক্তিগত মন্তব্য সম্পর্কে এনবিসি জিজ্ঞাসা করলে জাতীয় নিরাপত্তা পরিষদের একজন মুখপাত্র জানান যে, দুই নেতার মধ্যে একটি সম্মানজনক সম্পর্ক রয়েছে।

মুখপাত্র আরও বলেন, "প্রেসিডেন্ট (বাইডেন) স্পষ্ট করেছেন যে তিনি কোথায় প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে একমত নন, তবে ব্যক্তিগতভাবে তাদের সম্পর্ক সম্মানজনক’।

এদিকে গাজার যুদ্ধে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের শেষ আশ্রয়স্থল রাফাহ শহরে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল। তবে ইসরায়েল বাহিনী প্রবেশের আগে রাফাহ থেকে "জনসংখ্যা সরিয়ে নেওয়ার" জন্য ইসরায়েলের সামরিক বাহিনীকে নেতানিয়াহুর নির্দেশনা বাস্তবায়ন সম্ভব কিনা তা নিয়ে অত্যন্ত সন্দিহান বাইডেন প্রশাসন।

আর তাই রাফাহতে হামলার আগে এই শহরে আশ্রয় নেয়া ১০ লাখেরও বেশি বাস্তুচ্যুত ও দুর্বল ফিলিস্তিনিদের রক্ষা করার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত