দশ বছর আগে টেস্ট অভিষেকেই ৮ উইকেট নিয়েছিলেন ডেন পিট। এরপর দুবছরে ৬ টেস্ট খেলার পর এই অফ স্পিনার হারিয়ে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা দল থেকে। ২০১৯ সালের ভারত সফরে দুটি টেস্ট খেলে আবার বাদ। ফ্র্যাঞ্চাইজি আসরের জন্য তারকাদের ছাড় দিয়ে নিউজিল্যান্ড সফরে অনভিজ্ঞ প্রোটিয়া দল পাঠানোর সিদ্ধান্তে পিটকে আবার দরকার পরে দক্ষিণ আফ্রিকা নির্বাচকদের। প্রথম টেস্টে খেলার সুযোগ পাননি। কিন্তু হ্যামিল্টনে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই ৫ উইকেট তুলে নিলেন ৩৩ বছর বয়সী অফস্পিনার। আর তার এই বোলিংয়ে ২৪২ রান করেও ৩১ রানের লিড পেয়ে গেছে দক্ষিণ আফ্রিকা।
৬ উইকেটে ২২০ রান নিয়ে দ্বিতীয় দিনের সকালে আবার খেলতে নামা দক্ষিণ আফ্রিকা আরো ১০ ওভার ব্যাট করে ২২ রান যোগ করে। এরপর ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ডেভন কনওয়েকে 'শূণ্য'তেই হারায়। এরপর টম ল্যাথাম আর কেন উইলিয়ামস প্রায় ৩০ ওভার লড়াই করে জুটি গড়ার চেস্টা করেছিলেন। কিন্তু দুজনকেই ২৫ বলের মধ্যে আউট করে কিউইদের ধাক্কাটা দেন ওই ডেন পিট। ল্যাথাম ৪০, উইলিয়ামসন ৪৩ রান করেন। এরপর ৩৬ রান করা উইল ইয়াংকে আউটের পর গ্লেন ফিলিপসকে মাত্র ৪ রানে আউট করেন পিট। সবশেষ ৩৩ রান করা নীল ওয়াগনারকে স্টাম্পড করিয়ে স্বাগতিকদের ইনিংস মুড়িয়ে দেন তিনি ২১১ রানে। দিন শেষে তার বোলিং ফিগার দাড়ায় ৩২.৩-৫-৮৯-৫। প্রথম টেস্টে ৮ উইকেট শিকারী অধিনায়ক নিল ব্র্যান্ড এ ইনিংসে বলই করেননি।