ইতিহাসে প্রথমবার

অভিশংসিত হলেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী আলেজান্দ্রো মায়োরকাস

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী আলেজান্দ্রো মায়োরকাসকে অভিশংসনের পক্ষে ভোট দিয়েছে মার্কিন কংগ্রেসের রিপাবলিকান-নিয়ন্ত্রিত নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের ১৫০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কোনো স্বরাষ্ট্রমন্ত্রী অভিশংসিত হলেন

বুধবার এ খবর জানায় আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি ও রয়টার্স।

বিবিসি জানায়, ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের শীর্ষ সীমান্ত কর্মকর্তাকে অভিশংসনে গতকাল মঙ্গলবার প্রতিনিধি পরিষদে ভোটাভুটি হয়। পক্ষে পড়ে ২১৪ ভোট। বিপক্ষে ২১৩ ভোট।

তবে বিলটি ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত সিনেটে পাঠানো হবে। যদিও সেখানে বিলটি পাস হওয়ার সম্ভাবনা খুব কম। ফলে প্রতিনিধি পরিষদে অভিশংসিত হলেও পদে থেকে যেতে পারেন আলেজান্দ্রো।

মার্কিন অভিবাসন আইন প্রয়োগ না করার অভিযোগে স্বরাষ্ট্রমন্ত্রী মায়োরকাসকে অভিশংসনে এ-সংক্রান্ত দুটি ধারা ভোটের মাধ্যমে অনুমোদন করে প্রতিনিধি পরিষদ।

রিপাবলিকান নেতাদের যুক্তি, মার্কিন অভিবাসন আইন প্রয়োগ না করার কারণে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তজুড়ে অভিবাসীদের রেকর্ড ঢল নেমেছে। তারা বলছেন, বিশ্বস্ততার সঙ্গে দায়িত্ব পালনের শপথ নিলেও দেশের সীমান্ত সুরক্ষায় ব্যর্থ হয়েছেন আলেজান্দ্রো। তা ছাড়া তিনি এ বিষয়ে কংগ্রেসে মিথ্যা বিবৃতি দিয়েছেন।

তবে আলেজান্দ্রো তার বিরুদ্ধে আনা অভিযগের প্রতিক্রিয়ায় বলেছেন যে, ‘তিনি সীমান্ত পরিস্থিতির দায়ভার বহন করেন না। এর পরিবর্তে এটিকে ভাঙ্গা মার্কিন অভিবাসন ব্যবস্থা হিসেবে দায়ী করেছেন যা কংগ্রেস ঠিক করতে পারেনি।'

সম্প্রতি যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টার ঘটনা নাটকীয় হারে বেড়েছে। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর উদ্বেগ প্রকাশ করেছেন। এ কারণে দুই দেশের বেশ কয়েকটি সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে।

মার্কিন সরকারের তথ্য অনুযায়ী, গত ডিসেম্বরেই এ সীমান্ত পাড়ি দিয়ে প্রতিদিন গড়ে সাড়ে ৯ হাজারের বেশি মানুষ যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেছেন।