ইন্দোনেশিয়ায় বিশ্বের বৃহত্তম ‘একদিনের নির্বাচন’শেষে ভোট গণনা চলছে। অনানুষ্ঠানিক গণনায় এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী প্রাবোও সুবিয়ান্তো।
একাধিক জরিপ বলছে, নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেতে পারেন সুবিয়ান্তো। তিনি জনপ্রিয় বিদায়ী প্রেসিডেন্ট জোকো উইদোদোর স্থলাভিষিক্ত হতে পারেন। খবর রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের অনানুষ্ঠানিক পরিসংখ্যানে দেখা গেছে, দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে প্রতিরক্ষামন্ত্রী প্রাবোও সুবিয়ান্তো ৫৮ শতাংশ ভোটে প্রাথমিকভাবে এগিয়ে রয়েছেন। দেশটির মোট ২৩.৩ শতাংশ ব্যালট গণনার ভিত্তিতে এই তথ্য পাওয়া গেছে।
তবে সুবিয়ান্তোর মানবাধিকার রেকর্ড নিয়ে উদ্বেগ আছে। এক প্রজন্ম আগে সুহার্তোর স্বৈরশাসনের সময় সামরিক বাহিনীর একজন প্রধান ছিলেন সুবিয়ান্তো।
অন্যদিকে প্রতিদ্বন্দ্বী জাকার্তার সাবেক গভর্নর আনিয়েস বাসওয়েদান ও সেন্ট্রাল জাভার গভর্নর গাঞ্জার প্রানো যথাক্রমে ২৫ শতাংশ এবং ১৭ শতাংশ ভোট পেয়েছে বলে জানিয়েছে ভোট গণনাকারীরা।
৭২ বছর বয়সী সাবেক জেনারেল সুবিয়ান্তো আজকের নির্বাচনে জয়লাভ এবং আরেক দফার ভোট এড়ানোর ক্ষেত্রে স্পষ্টভাবে এগিয়ে আছেন।
আজকের নির্বাচনের মাধ্যমে সরাসরি প্রেসিডেন্ট হতে সুবিয়ান্তোকে মোট ভোটের ৫০ শতাংশের বেশি পেতে হবে। পাশাপাশি তাঁকে দেশটির ৩৮ প্রদেশের অর্ধেকের বেশি স্থানে অন্তত এক-পঞ্চমাংশ ভোট পেতে হবে। তা না হলে আগামী জুন মাসে শীর্ষ দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে আবার ভোট হবে।