ভালোবাসা দিবসে চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী নিজের ছেলে শেহজাদ খান বীরকে শুভেচ্ছা জানালেন। ছেলের সঙ্গে একাধিক ছবি পোস্ট করে নিজের ফেসবুকে লিখেছেন, ‘আমার বাপজান আমার ভালোবাসা, আমার পৃথিবী।’
ছেলে বীরকে নিয়ে ভারতের আগ্রার তাজমহলের সামনে দুজনে ছবি তুলেছেন। এসময় বুবলী একটি নীল রঙের শাড়ি পড়েছেন, ছেলেকেও পরিয়েছেন নীল রঙের পাঞ্জাবী। ভালোবাসা দিবসে ছেলেকে নিয়ে ভালোবাসার নিদর্শনের সামনেই দেখা দিলেন ঢাকাই ছবির আলোচিত অভিনেত্রী।
ভালোবাসা দিবসে যদিও বুবলীর সোশ্যাল হ্যান্ডেলে শাকিব খানের কোনো ছবি কিংবা তাকে নিয়ে কোনো কথা স্থান পায়নি। তিনি বলেন, ‘প্রতিটি দিনই ভালোবাসার তারপরও একটি দিন একটু বেশি ভালোবেসে বিশেষ ভাবে কাটালে ক্ষতি কী! সবাইকে বিশ্ব ভালোবাসা দিবসের অনেক শুভেচ্ছা।’
বেশকিছুদিন ধরেই শাকিব খানের সঙ্গে বুবলীর একটা দূরত্ব রয়েছে। ভালোবাসা দিবসে বুবলীর টাইমলাইনে শাকিবকে নিয়ে কিছু না বলায় সেটা স্পষ্ট হলো।
অন্যদিকে, চিত্রনায়িকা অপু বিশ্বাস সর্বত্রই শাকিব খানের প্রশংসা করেন। ক্যামেরার সামনেও শাকিব নিয়ে তিনি কথা বলতে দ্বিধা করেন না। বরং শাকিবকে নিয়ে অপুর উচ্ছ্বাস যথারীতি প্রকাশ পায়।
বুবলী অবশ্য এসব নিয়ে মোটেও মাথা ঘামান না। তিনি নিজের মতো করে ক্যারিয়ার এগিয়ে নিচ্ছেন। সম্প্রতি কলকাতার একটি ছবিতে কাজ করলেন। এছাড়াও দেশীয় বেশকিছু সিনেমা নিয়ে তিনি মনোযোগী।