আজ আন্তর্জাতিক ভালোবাসা দিবস। এই দিনেও আবার ফালগুন মাসের প্রথম দিন। ভালোবাসা আজ যেন বড় বেশি রঙিন। বর্ণময় এই দিনে, সুন্দর সময় কাটানোর নানা মাধ্যম রয়েছে। প্রিয়জনের সঙ্গে বইমেলা থেকে পার্ক কিংবা ফুচকা খাওয়া। আবার অনেকের বাসা থেকে বেরোতে মন চায় না, ভালোবাসা দিবসে সমস্ত ভালোবাসা উঠোনে গড়াগড়ি খায়।
বাসায় অবসরে দেখতে পারেন গভীর প্রণয়ের কিছু চলচ্চিত্র। আজ ভালোবাসা দিবসে আপনাদের সামনে আমরা ১০ টি সেরা ছবির কথা উল্লেখ করছি। এই ১০ টি ছবি আমেরিকান ফিল্ম ইন্সটিটিউটের চোখে সর্বকালের সেরা। ঘরে বসেই বিভিন্ন মাধ্যমে দেখতে পারবেন।
১. কাসাব্লাঙ্কা (১৯৪২): দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর দিকের কথা। আফ্রিকার কিছু অংশ তখনো দখল হয়নি। একজন প্রবাসী আমেরিকানের সাথে দেখা হয় তার প্রাক্তন প্রেমিকার। সৃষ্টি হয় নানা জটিলতার।
২. গন উইথ দ্য উইন্ড (১৯৩৯): গৃহযুদ্ধ শুরুর দিনে স্কারলেটের ভালবাসার মানুষটি বিয়ে করে তার চাচাতো বোনকে। সেদিনের পার্টিতে একজন নতুন লোক এসেছে, নাম রেট বাটলার - যার সাথে জড়িয়ে যাবে স্কারলেটের ভবিষ্যত জীবন।
৩. ওয়েস্ট সাইড স্টোরি (১৯৬১): নিউ ইয়র্কের প্রতিদ্বন্দ্বী দুই গ্রুপের দুই তরুণ-তরুণী প্রেমে পড়ে যায়। তারা চায় তাদের বন্ধুদের মধ্যে এই ঝগড়া বন্ধ হোক। কিন্তু তা এগিয়ে যায় মর্মান্তিক পরিণতির দিকে।
৪. রোমান হলিডে (১৯৫৩): একঘেয়ে জীবনে অতিষ্ঠ হয়ে উঠা এক রাজকুমারী পালিয়ে যায়। প্রেমে পড়ে যায় রোমে কর্মরত এক আমেরিকান সাংবাদিকের।
৫. এন অ্যাফেয়ার টু রিমেম্বার (১৯৫৭): প্রেমে পড়ে যাওয়া এক যুগল সিদ্ধান্ত নেয় ছ'মাস পর তারা এম্পায়ার স্টেট বিল্ডিং এ দেখা করবে। তারা কি পারবে?
৬. দ্য ওয়ে উই ওআর (১৯৭৩) : দু'জনের মধ্যে চমৎকার ভালবাসা। কিন্তু রাজনৈতিক মত পার্থক্য তাদের দূরে ঠেলে দেয়।
৭. ডক্টর জিভাগো (১৯৬৫): একজন রুশ ডাক্তার ও কবির কাহিনী। বিবাহিত লোকটি এক রাজনৈতিক কর্মীর স্ত্রীর প্রেমে পড়ে যায়। শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ এবং তারপরে অক্টোবর বিপ্লব।
৮. ইটস আ ওয়ান্ডারফুল লাইফ (১৯৪৬) : সব হারিয়ে একজন দয়ালু ব্যবসায়ী সিদ্ধান্ত নেয় যে সে আত্মহত্যা করবে। স্বর্গ থেকে দেবদূত এসে তাকে দেখায় সে না থাকলে জীবন কেমন হবে। সে তার সিদ্ধান্ত বদলায়।
৯. লাভ স্টোরি (১৯৭০): একেবারে বিপরীত পারিবারিক পরিবেশ থেকে আসা দুটি ছেলেমেয়ে প্রেমে পড়ে যায়। কিন্তু ভাগ্য তাদের সহায় হয় না।
১০. সিটি লাইটস (১৯৩১): এক খামখেয়ালি, ধনী মাতালের সহায়তায় একজন ভবঘুরে একটি অন্ধ মেয়ের চোখের চিকিৎসা করে। ঘটনাচক্রে ভবঘুরে লোকটিকে জেলে যেতে হয়। ছাড়া পেয়ে দেখে মেয়েটি দৃষ্টি ফিরে পেয়েছে। সে কি তাকে চিনতে পারবে? ভালবাসবে?
নির্বাচনে জিততে চান পলি