বিশ্ব ভালবাসা দিবসে নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ ও নওগাঁ শিশু আদালত-২ এ দেখা গেছে এক ব্যতিক্রমী উদ্যোগ। এ দিন অসময়ে প্রেম ও ভালোবাসার সম্পর্কে জড়িয়ে মামলার বিড়ম্বনায় পড়া ৩৬টি মামলার শুনানি হয়েছে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এসব মামলার শুনানির দিন ধার্য করেছিলেন আদালত দুটির বিচারক মেহেদী হাসান তালুকদার। এরমধ্যে অসম প্রেম, প্রেমের টানে পলাতক যুগল, অপহরণ, ধর্ষণ চেষ্টাসহ নানা ধরনের মামলা রয়েছে।
বেলা ১১টায় আদালতের বিচারক বিচার কার্য শুরু করেন। এ সময় শুনানির জন্য আদালতে আসা যুগলদের ‘লাভ ক্যান্ডি’ দিয়ে শুভেচ্ছা জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মকবুল হোসেন।
আদালত সূত্রে জানা যায়, আদালতের বিচারক মেহেদী হাসান তালুকদার শুনানিতে উপস্থিত যুগলদের প্রেমে না জড়িয়ে নিজেদের ধর্মীয় অনুশাসন ও পিতা-মাতার আদেশ মেনে চলা, পড়াশোনা চালিয়ে যাওয়া, আত্মনির্ভরশীল হওয়া এবং শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে উদ্বুদ্ধ করেন।
নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ ও শিশু আদালত-২-এর রাষ্ট্রপক্ষের আইনজীবী মকবুল হোসেন জানান, আদালতের আজকের দৃশ্য একদম ভিন্ন ছিল। এদিন শুধু অসময়ে প্রেমে জড়ানো ও বিয়ে করা যুগলদের বিরুদ্ধে অভিভাবকদেও করা অপহরণ ও বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলাগুলোর শুনানির হয়। আদালতের বিচারক মামলার বিড়ম্বনায় পড়া যুগলদের পড়াশোনার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ ও গুরুজনদের আদেশ-নিষেধ মেনে চলার উপদেশ দেন।
নওগাঁ জেলা আইনজীবী সমিতির সভাপতি রফিকুল ইসলাম বাচ্চু বলেন, আসলে মামলাগুলো ভিন্ন ভিন্ন দিনে শুনানি করলে বিচারক মহোদয় সবাইকে একই উপদেশ দিতে পারতেন না। তাই প্রেম-ভালবাসা সংক্রান্ত চলমান মামলাগুলো একইদিনে শুনানির উদ্যোগ নিয়েছেন। এটি ব্যতিক্রমী ও চমৎকার একটি উদ্যোগ।
আজ শুনানি শেষে আদালত কোনো মামলার চূড়ান্ত রায় দেননি। সব মামলার জন্য আলাদা আলাদা শুনানির দিন ধার্য করা হয়।