‘লাভ পয়েন্ট’—মৃত্যুতেও অবিচ্ছিন্ন ভালোবাসার গল্প

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩২ পিএম

সবার জীবনে প্রেম আসে। সবারই থাকে ভালোবাসার গল্প। বিশ্ব জুড়ে কোটি কোটি ভালোবাসার গল্প জন্ম নেয়। আবার সেই গল্পের মৃত্যু, অপমৃত্যুও হতে দেখা যায়। কিছু গল্প থেকে যায়, রেখে যায় নিদর্শন। যে গল্প-নিদর্শন মানুষকে ভালোবাসতে শেখায়, ভালোবাসাতে শেখায়।

তেমনই একটি গল্প আলাউদ্দিন পাটোয়ারী ও তার স্ত্রী আইরিন সুলতানার। বলা হয়, মৃত্যুও এদের আলাদা করতে পারেনি। তাদের স্মরণে তৈরি করা হয়েছে ‘লাভ পয়েন্ট’।

২০১৮ সালের ২৯ নভেম্বর ‘লাভ পয়েন্ট’ উদ্বোধন হলেও গল্পটি আরও চার বছর পেছনের। ২০১৪ সালের ১৯ মার্চ রাঙামাটিতে বেড়াতে আসেন আমেরিকান প্রবাসী আলাউদ্দিন পাটোয়ারী ও তার স্ত্রী আইরিন লিমা। হ্রদের শান্ত নীল জলের স্নিগ্ধতা উপভোগ করতে বোট ভাসায়। কালবৈশাখীর মৌসুম হওয়াতে হঠাৎ ঝড় শুরু হয়। মুহূর্তেই অশান্ত হয়ে ওঠে শান্ত কাপ্তাই হ্রদ। বাতাসের তীব্র বেগের কারণে তাদের নৌকাটি উল্টে যায়। নিখোঁজ হয় এই দম্পতি। তিন দিন পর হৃদে ভাসে তাদের মৃতদেহ। তখনও মরদেহ দুটি পরস্পরকে জড়িয়ে ধরেছিল। দেখে মনে হয়েছিল, মৃত্যুও যেন তাদের আলাদা করতে পারেনি।

সেই দৃশ্য দেখে চোখ ভিজেছিল অনেকের। ভালোবাসার এমন নজিরে আপ্লুত হয়েছিলন সবাই। স্বামী-স্ত্রীর এমনভাবে বাঁচার চেষ্টা এবং মর্মান্তিক মৃত্যু একটি বিরল ঘটনা। তাদের ভালোবাসাসহ পৃথিবীর সকল ভালোবাসার মানুষদের প্রতি শ্রদ্ধা জানাতে যে স্থানে তাদের মরদেহ ভেসে উঠেছিল তার পাশেই রাঙামাটি পলওয়েল পার্কে নির্মাণ করা হয় দেশের প্রথম ‘লাভ পয়েন্ট’।

মৃত্যুর দেড় বছর আগেই বিয়ে হয়েছিল ওই দম্পাতির। ঘটনার ১০ দিন আগেই স্ত্রী নিয়ে যেতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছিলেন আলাউদ্দিন। দুজনই ফিরেছেন না ফেরার দেশে।

মর্মান্তিক মৃত্যুকে স্মরণীয় করে রাখতে এমন স্থাপনা নির্মাণ করে রাঙামাটিবাসী ও প্রশাসন যে উদারতা ও অকৃত্রিম ভালোবাসার নজির স্থাপন করেছে তাতে মুগ্ধ আগত পর্যটকরা। বর্তমানে এটি ‘সিম্বল অব রাঙামাটি’-তে রূপ নিয়েছে। 

লাভ পয়েন্টের আরেকটি বিশেষত্ব হলো লাভ-লক। নিজেদের ভালোবাসার অমরত্ব প্রার্থনা করে যুগল বা দম্পতিরা এই লাভ পয়েন্টে তালা ঝুলিয়ে তার চাবি কাপ্তাই হৃদের জলে ফেলে দেন। লাভ পয়েন্টে গেলে চোখে পড়বে শত শত তালা ঝুলে আছে। তাতে কারো নাম বা নামের প্রথম অক্ষর লেখা আছে।

ঢাকা থেকে থেকে রাঙামাটি বেড়াতে এসেছেন রুহুল আমিন এবং সাদিয়া আমিন দম্পতি। আসার আগে লাভ পয়েন্ট সম্পর্কে জানা ছিল না তাদের। রুহুল আমিন বলেন, ‘রাঙামাটিতে পরিবার নিয়ে আসার পর শুনলাম পলওয়েল পার্কে লাভ পয়েন্ট নামের একটি স্থান আছে। শোনার পর দেখার ইচ্ছার জাগলো। তাই স্ত্রীকে নিয়ে আসলাম। এখানে এসে সবকিছু জানলাম, শুনলাম। এখন মনে হচ্ছে পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা এখনো বেঁচে আছে। হয়তো আমরা অনেক ভালোবাসার ভিড়ে সেগুলো খুঁজে পাই না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত