‘ভালবাসা দিবসে রঙিন হোক সকল শিশু’ এই স্লোগানকে ধারণ করে নড়াইলে শতাধিক অসহায় ও এতিম শিশুদের নিয়ে ভালোবাসা দিবস উদযাপন করেছে কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা। একই সঙ্গে মানবিক ও সেবামূলক কার্যক্রমের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত সংগঠন ‘স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের’ ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) সংগঠনটির আয়োজনে পৌরসভার হাটবাড়িয়া জমিদার বাড়ি ডিসি পার্কে অসহায় ও এতিম শিশুদের নিয়ে নানা ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠেন স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের সদস্যরা। শিশুদের অংশগ্রহণে দৌড় প্রতিযোগিতা, হাড়িভাঙ্গা খেলা, বিস্কুট দৌড়, চেয়ার চিটিং ও আবৃত্তি সহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ও পার্কের ট্রেন, নাগরদোলা, চরকা, নৌকাসহ বিভিন্ন রাইডে চড়তে পেরে ভীষণ খুশি এসব শিশুরা।
দুপুর ২টায় স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। সুবিধাবঞ্চিত এসব শিশুর অংশগ্রহণে কেক কাটেন নড়াইলের পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান। এসময় বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লিংকন বিশ্বাস, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল মাহমুদ তুফান, আওয়ামীলীগ নেতা হাফিজ খান মিলন সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় মুঠোফোনে বক্তব্য দেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ক্রিকেট তারকা মাশরাফী বিন মোর্ত্তজা।
মাশরাফীসহ বক্তারা স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘ স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের মাধ্যমে কলেজ ও বিশ^বিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা মানবিক কার্যক্রম পরিচালিত করে আসছে। জেলে সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন, করোনকালীণ সময় ছাড়াও বিভিন্ন সময়ে খাবার বিতরণ, নামমাত্র মুল্যে সবজী বিতরণ, চিকিৎসা সেবা, শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন ধরনের কাজ করে আসছে। যা ইতিমধ্যে মানুষের মাঝে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।’