ও'রুরকের প্রথম ৫ উইকেট, নিউজিল্যান্ডের লক্ষ্য ২৬৭

হ্যামিল্টন টেস্টেই অভিষেক হয়েছে নিউজিল্যান্ডের ডান হাতি পেসার উইলিয়াম পিটার ও'রুরকের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে নিয়েছিলেন ৪ উইকেট। তার টানা দুই শিকারে প্রোটিয়ারা অলআউট হলে প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিতে পারেননি ও'রুরকে। তবে আজ টেস্টের তৃতীয় দিনে প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিলেন তিনি।

দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে অলআউট হয়েছে ২৩৫ রানে। ও'রুরকে ১৩.৫ ওভার বল করে ৩৪ রানে নিয়েছেন ৫ উইকেট। অভিষেক টেস্টে ৫ উইকেট নেওয়া দশম কিউই বোলার ও'রুরকে। 

ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ও'রুরকে নিলেন ৯৩ রানে নিলের ৯ উইকেট। যা অভিষেকে নিউজিল্যান্ডের বোলারের সেরা পারফরম্যান্স। এর আগে সেরা ছিল ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মার্ক ক্রিগের ৮/১৮৮। 

দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার হয়ে সেঞ্চুরি করেছেন ডেভিড বেডিংহ্যাম। ক্যারিয়ারের চতুর্থ টেস্ট খেলতে নামা বেডিংহ্যামের এটি প্রথম সেঞ্চুরি। এছাড়া অধিনায়ক নিল ব্র্যান্ড ৩৪ ও কেগান পিটারসেন ৪৩ রান করেন।

ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি করেছেন দক্ষিণ আফ্রিকার বেডিংহ্যাম।

নিউজিল্যান্ড প্রথম ইনিংসে অলআউট হয় ২১১ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের জয়ের জন্য লক্ষ্য দাঁড়িয়েছে ২৬৭ রান।

তৃতীয় দিন শেষে নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে তুলেছে ১ উইকেটে ৪০ রান। জয়ের জন্য কিউইদের দরকার আরও ২২৭ রান। ডেভন কনওয়ে আউট হয়েছেন ১৭ রানে।