ছাত্রদল নেতার হাত-পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা

নেত্রকোণায় পৌর ছাত্রলের দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বাপ্পী দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন। হামলাকারীরা তার হাত ও পায়ের রগ কেটে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করেছে।

গতকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) গভীর রাতে সদর উপজেলার কাইলাটী ইউনিয়নের অনন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। বাপ্পী আটপাড়া উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল মান্নান মনু প্রফেসরের ছেলে ও সদর পৌর ছাত্রদলের সিনিয়য়র যুগ্ম আহ্বায়ক। 

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, নেত্রকোণা পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বাপ্পী সদর উপজেলার অনন্তপুর গ্রামের বশির উদ্দিন চিশতির মাজারে ওরস শরীফ যান। রাত ১২টার দিকে পৌর সদরের নিজ বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন। হামলাকারীরা তার হাত ও পায়ের রগ কেটে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। তার চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে গতকাল রাত ৩টার দিকে বাপ্পীকে ঢাকা শ্যামলী হৃদরোগ ইনস্টিটিউটে প্রেরন করা হয়। বর্তমানে ছাত্রদল নেতা বাপ্পী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

নেত্রকোণা মডেল থানার ওসি মো. আবুল কালাম পিপিএম জানান, বাপ্পী নামের এক ছাত্র নেতার উপর হামলার ঘটনা শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।