ট্রেনের ধাক্বায় নারীর মৃত্যু

রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩৫ বছর। তার পরনে ছিল সালোয়ার কামিজ।

আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তমিজ উদ্দিন জানান, মগবাজার রেলগেটের পাশে সকালে সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। ওই নারী রেললাইনের পাশে দাঁড়িয়ে ছিলেন। কমলাপুরগামী একটি ট্রেন চলে যাওয়ার পর ওই নারী রেললাইন পার হচ্ছিলেন। ঠিক তখনই বিপরীত দিক থেকে আরেকটি ট্রেন চলে আসে। তখন সেই ট্রেনের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়েন তিনি। এতে গুরুতর আহত হলে পথচারীরা তাকে ইনসাফ আল বারাকা হাসপাতলে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে পরবর্তীতে তারাই ঢাকা মেডিকেলে নিয়ে যান।

তিনি আরও জানান, ঘটনাটি ঢাকা রেলওয়ে থানা পুলিশ তদন্ত করছেন। আর ওই নারীর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।