রাজধানীর মোহাম্মদপুর ফলপট্টি এলাকায় দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে বাবা ও ছেলে আহত হয়েছেন। আহতরা হলেন, গুলিবিদ্ধ সুমন আলী (৪৫) ও ছুরিকাঘাতে আহত ছেলে ফাহিম হোসেন (২২)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড ফলপট্টির ফুটএভার ব্রিজের নিচে এই ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আহতরা জানান, তাদের বাসা মোহাম্মদপুর বসিরহাট ৪০ফিট গার্ডেন সিটি এলাকায়। তারা বাবা ছেলে কাঁচামালের ব্যবসা করেন। একই এলাকার সাব্বিরের নেতৃত্বে সোহেল, রমিজ, রাব্বি ওরফে জাউড়া রাব্বি, হৃদয়, মুন্না চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ৭–৮ জন মিলে সুমন আলীকে গুলি করে। ছেলে ফাহিম হোসেন এগিয়ে আসলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
আহতরা আরও জানান, ঘাতকরা এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী। এলাকার লোকজন তাদের ভয়ে থাকে। অনেকের কাছ থেকে তারা চাঁদা আদায় করে। কেউ চাঁদা না দিলে তাদের ওপর হামলা করে।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জানান, আহত সুমন আলীর বাম পায়ের হাটুর নিচে গুলিবিদ্ধ হয়েছে। আর ফাহিমের পিঠে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।