যশোরের মনিরামপুরে মানব মন্ডল (৪০) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার কুলটিয়া মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মানব মন্ডল উপজেলার সুজাতপুর গ্রামের মৃণাল কান্ডি মন্ডলের ছেলে।
জানা গেছে, স্থানীয়দের সহযোগিতায় মনিরামপুর থানা ও ডিবি পুলিশ তিন জনকে আটক করেছে। এ ঘটনায় মানব মন্ডলের বাবা মৃণাল কান্তি মন্ডল বাদী হয়ে মনিরামপুর থানায় তিন জনের উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে শনিবার মামলা করেছেন। আটক তিনজন হলেন শিশির মন্ডল(৩০), তন্ময় সরকার (১৯) ও হান্নান গাজী (৩৮)। আহত মানব মন্ডল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ কমিটির সদস্য বলে জানিয়েছেন উৎপল বিশ্বাস নামের স্থানীয় এক শিক্ষক।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মাছের ঘের নিয়ে বিরোধের জের ধরে মানবকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কুলটিয়া মোড়ের একটি জ্বালানি তেলের দোকানে বসে ছিলেন তিনি। সে সময় দুটি মোটরসাইকেলে অজ্ঞাত ছয় জন অস্ত্রধারী তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে তার উরুতে গুলি লাগে। গুলির শব্দে স্থানীয় লোকজন ছুটে এসে হামলাকারীদের ধাওয়া করে। এক পর্যায়ে স্থানীয়রা ডহর মশিয়াহাটি নামকস্থানে অস্ত্রধারী তিন জনকে আটকাতে সক্ষম হয়। খবর পেয়ে পুলিশ আটক তিন জনকে থানায় নিয়ে যায়।
মামলা এবং ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মণিরামপুর থানার ওসি এ বি এম মেহেদী মাসুদ। তাদের কাছে থাকা একটি মোটরসাইকেল, লোহার রড ও এক রাউন্ড অবিস্ফোরিত গুলি জব্দ করা হয়।