অগ্নিনিরাপত্তাসহ যেকোনো দুর্যোগের ঝুঁকি ও ক্ষয়ক্ষতি কমিয়ে আনা, অগ্নিনিরাপত্তা ও সুরক্ষা সরঞ্জামের সহজলভ্য নিশ্চিতকরণ এবং সবার মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুরু হয়েছে ইন্টারন্যাশনাল ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো-২০২৪।
তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করেছে ইলেকট্রনিকস সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব)। গতকাল শনিবার প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
সালমান এফ রহমান বলেন, রানা প্লাজা ও তাজরীন ফ্যাশনস গার্মেন্টসে অগ্নিদুর্ঘটনার পর দেশের শিল্প-কারখানাগুলোয় অগ্নিঝুঁকি হ্রাস এবং নিরাপত্তা নিশ্চিতের ওপর সরকার বিশেষ জোর দিয়েছে। এর গুরুত্ব অনুধাবন করে অগ্নিনিরাপত্তা ইস্যুতে সাহসী পদক্ষেপ নিয়েছেন বেসরকারি খাতের উদ্যোক্তারা।
এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, দেশের শিল্প ও বিনিয়োগ যত বাড়ছে, কল-কারখানার নিরাপত্তার বিষয়টিও তত জরুরি হয়ে উঠছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ইসাবের সভাপতি নিয়াজ আলী চিশতি বলেন, দেশের অর্থনীতির আকার যত বড় হচ্ছে, অগ্নিঝুঁকি ও নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি ততটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বলেন, সবুজ শিল্পায়ন ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দিয়ে আসছেন তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা। যার ফলে ২০৭টি গ্রিন সার্টিফায়েড পোশাক কারখানা বাংলাদেশে গড়ে উঠেছে।