কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে অনুশীলনের সময় লিটন দাসের খেলা শটে বল এসে লাগে মুস্তাফিজের মাথার পেছনের অংশে। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন মাটিতে। প্রচুর রক্তক্ষরণের কারণে দ্রুতই তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
মুস্তাফিজুর রহমান লিটনকে বল করে ফিরছিলেন নিজের বোলিং জোনে। কিন্তু এরমাঝেই আরেক বোলার বল করে বসেন লিটনকে। এই বলেও লফটেড শট খেলেন লিটন, নেটে বল লেগে সরাসরি আঘাত করে মুস্তাফিজের মাথার পেছনের সঙ্গে।
সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন মুস্তাফিজ। রক্তে ভেসে যায় তার পুরো মাথা। দ্রুতই মাঠে নিয়ে আসা হয় অ্যাম্বুলেন্স। স্ট্রেচারে করে মুস্তাফিজকে ওঠানো হয় অ্যাম্বুলেন্সে। সঙ্গে সঙ্গে তাকে মাঠ থেকে বের করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তার মাথার আঘাত গুরুতর বলে জানা গেছে। তবে কতটা গুরুতর তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বিপিএলের চলতি আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলছেন মুস্তাফিজ, ৯ ম্যাচে ২৩ দশমিক ৯১ গড়ে ১১ উইকেট শিকার করেছেন।