ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্কের টানাপোড়েন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ পড়া এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে সৃষ্ট বিতর্ক-সবকিছুর পরও আইপিএলের দরজায় আবারও কড়া নেড়েছেন মোস্তাফিজুর রহমান। আগামী মৌসুমের মিনি নিলামের জন্য নিজের নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া নিলামে তাকে নিয়ে আগ্রহ দেখানোর সুযোগ পাচ্ছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো।
গত মৌসুমে নিলাম থেকে মোস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে শেষ পর্যন্ত তাকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। এ ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের ক্রিকেট সম্পর্কে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ সরিয়ে নেওয়ার দাবি তোলে বাংলাদেশ। শেষ পর্যন্ত বিশ্বকাপেও অংশ নেয়নি দলটি।
সেই ঘটনার পর আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে সময়ের সঙ্গে দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। তামিম ইকবালের নেতৃত্বাধীন বর্তমান বিসিবি এবং বিসিসিআইয়ের মধ্যে যোগাযোগ ও সম্পর্কের উন্নতিও আশাবাদ তৈরি করেছে।
বিসিবি সূত্রে জানা গেছে, মোস্তাফিজের পাশাপাশি নিলামে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটার। তাদের মধ্যে রয়েছেন নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়।
শ্রীলঙ্কার জালে হালি উৎসবে গ্রুপসেরা বাংলাদেশ