মধ্যপ্রাচ্যের দেশ ইরানের দক্ষিণ প্রদেশ কেরমানে পারিবারিক দ্বন্দ্বের জেরে এক যুবক গুলি করে তার বাবা-ভাইসহ ১২ আত্মীয়কে হত্যা করেছে। পরবর্তীতে ইরানের নিরাপত্তা কর্মীদের গুলিতে সেই যুবক নিজেও নিহত হয়েছে।
এরকম গোলাগুলিতে হত্যার ঘটনা ইরানে বিরল। রোববার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আইআরএনএর বরাতে এই তথ্য জানিয়েছে মার্কিন বার্তাসংস্থা সিএনএন।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার কেরমান প্রদেশের ফারিয়াব শহরে ৩০ বছর বয়সী এক যুবক পারিবারিক কলহের কারণে গুলি করে তার বাবা-ভাইসহ পরিবারের ১২জন আত্মীয়কে হত্যা করে। এ ঘটনায় কালাশনিকভ রাইফেল ব্যবহার করেছেন তিনি।
আইআরএনএ জানায়, নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই যুবককে আটক করতে গেলে তিনি তাদের ওপরও গুলি ছোড়েন। এ সময় নিরাপত্তা বাহিনীর পালটা হামলায় যুবক নিহত হন।
ইরানে এ ধরনের বন্দুক হামলার ঘটনা খুবই বিরল। দেশটিতে নাগরিকরা শুধু শিকারে ব্যবহৃত হান্টিং রাইফেল রাখার অনুমতি পায়।
দুই বছর আগে, পশ্চিম ইরানে একটি সরকারি প্রতিষ্ঠানের চাকরিচ্যুত কর্মচারী আত্মহত্যার আগে তিনজনকে গুলি করে হত্যা এবং পাঁচজনকে আহত করেছিল।