ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজাতে যুদ্ধবিরতির আলোচনার বিষয়ে এখনও গেম খেলছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমনটাই অভিযোগ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস।
হামাসের একজন সিনিয়র মুখপাত্র ওসামা হামদান এ কথা বলেছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
লেবাননের রাজধানী বৈরুত থেকে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ওসামা হামদান বলেন, যুদ্ধবিরতির বিষয়ে অসম্মতির মূল কারণ হচ্ছেন নেতানিয়াহু এবং তিনি ‘গেম খেলছেন’। গাজায় কোনো ব্যবস্থা বা চুক্তি না করার চেষ্টা করছেন নেতানিয়াহু এবং এটা পরিষ্কার।
হামদান পুনর্ব্যক্ত করেছেন যে, হামাস প্রধান ইসমাইল হানিয়াহ শনিবার এক বিবৃতিতে আলোচনার প্রতি ইতিবাচক অবস্থান এবং যুদ্ধবিরতি অর্জনে ইচ্ছা প্রকাশ করেছেন।
এদিকে যুদ্ধবিরতির বিষয়ে হামাসের দাবিগুলো ‘ভ্রান্তিপূর্ণ’ দাবি করে মিশরে চলমান গাজা যুদ্ধবিরতির আলোচনা স্থগিত করেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, এই আলোচনা চালিয়ে যাওয়ার কোনো যুক্তি দেখছেন না তিনি।
শনিবার নেতানিয়াহু বলেন, আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে না। এ সময় তিনি বলেন, শুধু কোনো পূর্বশর্ত ছাড়া দুই পক্ষের আলোচনার মাধ্যমেই এমন লক্ষ্যে পৌঁছানো যেতে পারে।
এদিকে গাজায় দিন দিন মানবিক সংকট আরও তীব্র হচ্ছে। অবিলম্বে যুদ্ধবিরতি প্রয়োজন ভূখণ্ডটিতে। কিন্তু এই সংকটের মধ্যেই সর্বশেষ শহর রাফাহতে স্থল আক্রমণের পরিকল্পনা করছে ইসরায়েল।
যদিও রাফাহতে আক্রমণ না করার জন্য ইতিমধ্যে সতর্কবার্তা দিয়েছে পশ্চিমা নেতারা। তবে কারও মতামতই গ্রাহ্য করছেন না ইসরায়েলি প্রধানমন্ত্রী।
হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর ইসরায়েল এবং হামাসের মধ্যে সংঘাত শুরুর পর এখন পর্যন্ত উপত্যকাটিতে ২৮ হাজার ৮৫৮ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৬৮ হাজার ৬৬৭ জন।
গ্যাস পাইপলাইনে হামলায় দায়ী ইসরায়েল
ইসরায়েলে আরও অস্ত্র সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র