হামাসকে রাশিয়ায় আমন্ত্রণ জানালেন পুতিন

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস এবং ফাতাহসহ অন্যান্য ফিলিস্তিনি দলগুলোকে মস্কোতে আমন্ত্রণ জানিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার এক সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

মূলত ইসরায়েল-হামাস যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাতসহ অন্যান্য বিষয়ে আলোচনার জন্যই এসব দলগুলোকে আমন্ত্রণ জানিয়েছে পুতিন।

উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস এ খবর জানিয়েছে বলে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম আরব নিউজ।

মিখাইল বোগদানভ জানান, “হামাসসহ প্রায় এক ডজন ফিলিস্তিনি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছেন পুতিন, আগামী ২৯ ফেব্রুয়ারি দলগুলোর সাথে বৈঠকে বসবেন তিনি।“

তিনি বলেন, “আমরা সমস্ত ফিলিস্তিনি প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছি। সিরিয়া, লেবানন এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশসহ বিভিন্ন দেশে অবস্থান করা ফিলিস্তিনের রাজনৈতিক শক্তিদেরও আমরা আমন্ত্রণ জানিয়েছি।

প্রতিবেদনে বলা হয়েছে, আমন্ত্রিতদের মধ্যে হামাস, প্যালেস্টাইন ইসলামিক জিহাদ, ফাতাহ ও বৃহত্তর প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) প্রতিনিধিরা রয়েছেন।

তবে রাশিয়ার আমন্ত্রণের বিষয়ে এখন পর্যন্ত কোন মন্তব্য করেনি হামাস বা অন্যান্য ফিলিস্তিনি দলগুলো।

গত বছরের ৭ অক্টোবর থেকে হামাস ও ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকেই উপত্যকাটিতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া গাজা উপত্যকায় ইসরায়েলের আচরণের বারবার সমালোচনা করেছেন তিনি। যার কারণে তিক্ত হয়ে উঠেছে রাশিয়া-ইসরায়েল সম্পর্ক।