বিপাকে পড়লেন বলিউডের জনপ্রিয় পরিচালক রাজকুমার সন্তোষী। কোটি টাকা চেক বাউন্সের ঘটনায় তাকে ২ বছরের কারাদণ্ড দিয়েছে গুজরাটের আদালত। সংবাদ সংস্থা পিটিআইয়ের পক্ষ থেকে ‘X’ হ্যান্ডেলে জানানো হয়েছে এই খবর।
জানা গেছে, জামনগরের আদালতে রাজকুমার সন্তোষীর বিরুদ্ধে মামলা করেছিলেন অশোক লাল নামের এক ব্যবসায়ী। সিনেমা তৈরির জন্য এক কোটি টাকা দিয়েছিলেন তিনি। অভিযোগ, ১০টি ১০ লক্ষ টাকার চেকে সেই টাকা ফেরত দিয়েছিলেন পরিচালক। কিন্তু, ব্যবসায়ী যখন সেই চেক ব্যাংকে জমা দেন, তা বাউন্স হয়ে যায়।
অশোক লালের আইনজীবী পিযুষ ভোজানি জানান, এই ঘটনার পর তার মক্কেল একাধিকবার রাজকুমার সন্তোষীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। কিন্তু কোনও লাভ হয়নি। সেই কারণেই তারা আদালতের দ্বারস্থ হন। এই মামলার শুনানির পরই বিচারপতি রাজকুমার সন্তোষীকে দুই বছরের কারাদণ্ড দেন। এর পাশাপাশি ব্যবসায়ীকে দুই কোটি টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন।
উল্লেখ্য, ‘গদর ২’ সুপারহিট হওয়ার পরই আমির খানের প্রযোজনা সংস্থার সঙ্গে জুটি বেঁধে ‘লাহোর ১৯৪৭’ ছবি তৈরি করার কথা জানান রাজকুমার সন্তোষী। এই ছবিতে আবার নায়ক হিসেবে অভিনয় করছেন সানি দেওল। তার বিপরীতে দেখা যেতে পারে প্রীতি জিনটাকে। কিন্তু পরিচালকের সাজা কার্যকর হলে এই ছবির ভবিষ্যৎ কী হবে? উঠছে প্রশ্ন।