গতকাল রোববার (১৯ ফেব্রুয়ারি) ইউক্রেনের আরেকটি শহর আভদিভকার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া। কিন্তু রুশ বাহিনী এই শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পরেই আট নিরস্ত্র ইউক্রেনীয় সৈন্যকে হত্যা করেছে বলে অভিযোগ তুলেছে ইউক্রেন।
এমনকি হত্যার প্রমাণ হিসেবে একটি ভিডিও টেলিগ্রামে প্রকাশ করেছে দেশটি।
ইউক্রেনের রাষ্ট্রীয় গণমাধ্যম ইউক্রিনফর্মের বরাতে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
ইউক্রিনফর্ম প্রতিবেদনে জানায় যে, হত্যার প্রমাণ হিসেবে মেসেজিং অ্যাপ টেলিগ্রামে একটি ভিডিও শেয়ার করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে একজন রাশিয়ান সৈন্য দুই বন্দি ইউক্রেনীয় সৈন্যকে কাছাকাছি অবস্থান থেকে গুলি করছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এবং দোনেৎস্কের আঞ্চলিক প্রসিকিউটর অফিসের নির্দেশনায়, আভদিভকা এবং ভেসেলে গ্রামে নিরস্ত্র যুদ্ধবন্দীদের হত্যার অভিযোগে একটি প্রাক-বিচার তদন্ত শুরু করেছে দেশটি।
তবে ইউক্রেনের এ অভিযোগ ও ভিডিও ফুটেজের বিষয়ে কোন প্রতিক্রিয়া জানায়নি মস্কো।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া তার প্রতিবেশী দেশটিতে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করার পর থেকে ইউক্রেন বারবার রাশিয়াকে বেআইনি হত্যা এবং অন্যান্য যুদ্ধাপরাধের জন্য অভিযুক্ত করেছে৷ এ ছাড়া রাশিয়াও ইউক্রেনকে বহুবার আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছে৷