রাশিয়ার দখলে ইউক্রেনের আভদিভকা শহর

  • বাখমুত শহরের পর রাশিয়ার আভদিভকা দখলে নেওয়াকে সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে
  • ইউক্রেন বলছে, সৈন্যদের পুরোপুরি বন্দী হওয়া থেকে বাঁচাতেই সৈন্য প্রত্যাহার করা হয়েছে
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫৯ পিএম

ইউক্রেনের রুশ সীমান্তবর্তী শহর আভদিভকার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। ইউক্রেন শহরটি থেকে সেনা প্রত্যাহারের পর এ ঘোষণা দিয়েছে দেশটি।

২০২৩ সালের মে মাসে বাখমুত শহর দখল করার পর থেকে রাশিয়ার আভদিভকা দখলে নেওয়াকে সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। খবর রয়টার্স।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, বর্তমানে এক হাজার কিলোমিটার এলাকাজুড়ে যুদ্ধ চলছে। তার মধ্যে ৮ দশমিক ৬ কিলোমিটার এলাকায় তাদের সেনারা এগিয়ে গেছেন। তীব্র যুদ্ধে শহরটি সম্পূর্ণ জনবসতিহীন ও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর মধ্যেও রুশ সেনারা সামনের দিকে এগিয়ে গেছে।

এদিকে ইউক্রেন জানিয়েছে, কয়েক মাস ভয়ানক লড়াইয়ের পরে সৈন্যদের পুরোপুরি বন্দী হওয়া থেকে বাঁচাতেই সৈন্য প্রত্যাহার করা হয়েছে।

আভদিভকার পতনকে একটি গুরুত্বপূর্ণ বিজয় বলে অভিনন্দন জানিয়েছেন পুতিন। তিনি রুশ সেনাদেরও অভিনন্দন জানিয়েছেন।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতির পাশাপাশি সোভিয়েত-যুগের কোক প্ল্যান্টে একটি বিস্ফোরণের ভিডিও প্রকাশ করেছে।

মন্ত্রণালয় জানিয়েছে, "প্ল্যান্টের প্রশাসনিক ভবনগুলিতে রাশিয়ার পতাকা উত্তোলন করা হয়েছে।"

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেখায় যে, আভদিভকাতে নীল-হলুদ ইউক্রেনের পতাকা নামিয়ে কোক প্ল্যান্টের উপরে রাশিয়ার সাদা, নীল ও লাল তিনরঙা পতাকা উত্তোলন করা হয়েছে।

ইউক্রেনীয় বাহিনী গত বছর তুমুল পাল্টা আক্রমণ চালিয়েও রুশ বাহিনীর অবস্থানে ফাটল ধরাতে ব্যর্থ হয়। এরপর থেকে ইউক্রেন বাহিনীকে ধরাশায়ী করার চেষ্টা চালিয়ে আসছে মস্কো। এরই ধাবাহিকতায় একে রাশিয়ার বড় সাফল্য ধরা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত