বায়ার্ন মিউনিখের দুর্দশা কাটছে না। সবশেষ ম্যাচে তারা হেরেছে পুঁচকে বোখুমের কাছে। আর তাতেই নাকি বিদায়ী ঘণ্টা বেজে উঠেছে দলটির কোচ থমাস টুখেলের। চ্যাম্পিয়নস লিগ না জিতলে মৌসুম শেষেই তাকে ছাটাই করবে বায়ার্ন। এমন খবরই ভেসে বেড়াচ্ছে ইউরোপজুড়ে। গণমাধ্যমগুলির দাবি অনুযায়ী, তার বিকল্প হিসেবে ভাবা হচ্ছে জাবি আলানসোকে। এমনকি জিনেদিন জিদানের নামও শোনা যাচ্ছে। জরুরি বিকল্প হিসেবে ফিরিয়ে আনা হতে পারে সাবেক কোচ হ্যান্সি ফ্লিককেও।
স্পেনের হয়ে বিশ্বকাপ জেতা ফুটবলার জাবি আলানসো বর্তমান বায়ার লেবাকুসেনের কোচের দায়িত্ব সামলাচ্ছেন। টুখেল বরখাস্ত হলে তাকে বায়ার্নে নিয়ে আসা হতে পারে বলে দাবি করা হয়ে গণমাধ্যমগুলোর প্রতিবেদনে।
সংবাদমাধ্যম অ্যাথলেটিক দাবি করেছে, টুখেলকে দিয়ে প্রত্যাশা পূরণ হচ্ছে না বায়ার্নের। ক্লাব কর্তারা তাকে ছাটাই করে তাই নজর দিয়েছেন আলোনসোর দিকে। কথা পাকাপাকি হয়ে গেলে আগামী গ্রীষ্মেই তিনি দায়িত্ব গ্রহণ করতে পারেন।
অন্যদিকে স্কাইস্পোর্টস তাদের এক প্রতিবেদনে বলেছে, বায়ার্নের চোখ জিনেদিন জিদানের দিকেও রয়েছে। রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগ জেতানো ও খেলোয়াড়ি জীবনে বিশ্বকাপ জেতা জিদানের সঙ্গে ক্লাব থেকে নাকি যোগাযোগও করা হয়েছে।
এই দুজনকে পাওয়া না গেলে জরুরী বিকল্প হিসেবে ফিরিয়ে আনা হতে পারে হ্যান্সি ফ্লিক। জার্মান জাতীয় দলের হয়ে ব্যর্থতার দায় নিয়ে তিনি হয়েছিলেন বরখাস্ত। তবে তার আগে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত বাভারিয়ানদের দায়িত্ব সামলে জিতেছিলেন ট্রেবল। সেই কীর্তির মাথায় রেখে ফেরানো হতে পারে তাকে। যদিও তিনি পুরনো সাফল্য ফিরিয়ে আনতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়।