‎এনরিকের 'ক্যারিয়ারের সেরা ম্যাচ', ফিরতি পর্বে 'আগুন' চান কোম্পানি

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ১২:১২ পিএম

‎পিএসজি এবং বায়ার্ন মিউনিখের মধ্যকার ৫-৪ গোলের অবিস্মরণীয় লড়াই শেষে দুই দলের কোচের পক্ষ থেকে এলো ভিন্নধর্মী সব প্রতিক্রিয়া। পিএসজি বস লুইস এনরিকে যেখানে ম্যাচটিকে তার কোচিং ক্যারিয়ারের 'সেরা' হিসেবে আখ্যা দিয়েছেন, সেখানে নিষেধাজ্ঞার কারণে গ্যালারিতে বসে থাকা বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানির জন্য এটি ছিল রীতিমতো অস্বস্তিকর এক অভিজ্ঞতা।

‎ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে পিএসজি কোচ যেন গর্বে বুক ফুলিয়ে কথা বলছিলেন। ৫-২ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর ৩ গোল হজম করে জয় কিছুটা সংকটে পড়লেও এনরিকে খেলোয়াড়দের প্রশংসায় ভাসিয়েছেন।

‎এনরিকে বলেন, "আমার ক্যারিয়ারে এর চেয়ে তীব্র গতি বা উচ্চ শারীরিক সক্ষমতার ম্যাচ আমি আগে কখনো দেখিনি। নিঃসন্দেহে এটি আমার কোচিং ক্যারিয়ারের সেরা ম্যাচ।"

‎তিনটি হলুদ কার্ডের কারণে টাচলাইনে নিষিদ্ধ থাকা বায়ার্ন কোচ কোম্পানিকে ম্যাচটি দেখতে হয়েছে মিডিয়া বক্সের এক কোণায় বসে।

‎কোম্পানি বলেন, "মাঠ থেকে ৮০ মিটার দূরে বসে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। এটি মোটেও মজার কিছু নয়। যদি ভবিষ্যতে এমনটা আর কখনো না ঘটে, তবেই আমি সন্তুষ্ট হবো।"

‎ফিরতি লেগে ডাগআউটে ফিরছেন কোম্পানি: বায়ার্ন ভক্তদের কাছে চাইলেন মাদ্রিদ ম্যাচের চেয়েও বড় আগুন, 'মাদ্রিদের বিপক্ষে ম্যাচে গ্যালারিতে যে আগুন ছিল, আমাদের তার চেয়ে কম কিছু হলে চলবে না। আমাদের আরও বেশি কিছু দরকার, আমি কেবল এটাই চাইতে পারি। আমি এই ধরণের ম্যাচের জন্য স্টেডিয়ামে যাব ঠিকই, কিন্তু চুপচাপ বসে থাকার জন্য নয়।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত