চট্টগ্রামে গত রবিবার দলীয় অনুশীলনের সময় মাথায় বলের আঘাত পাওয়ার পর থেকে স্থানীয় ইম্পেরিয়াল হাসপাতালে পর্যবেক্ষণে ছিলেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। দ্বিতীয় সিটি স্ক্যান রিপোর্ট ইতিবাচক আসায় হাসপাতালের ছাড়পত্র পেয়েছেন তিনি। চট্টগ্রাম থেকে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়ানস কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার দলের ফিজিও জাহিদুল ইসলাম সজল জানান, ‘গতকাল রাতে মোস্তাফিজুর রহমানের দ্বিতীয় সিটি স্ক্যান করানো হয়। এরপর নিউরোসার্জন ও বিসিবির সঙ্গে পরামর্শ করা হয়। বিমান ভ্রমণের ছাড়পত্র পাওয়ার পর তাকে ইম্পেরিয়াল হাসপাতাল থেকে ঢাকায় টিম হোটেলে পাঠানো হয়েছে।’
অবশ্য কুমিল্লা দল এখনও চট্টগ্রামেই অবস্থান করছে। চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে আজ সন্ধ্যায় রংপুর রাইডার্সের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা। মোস্তাফিজের পরবর্তী চিকিৎসা প্রক্রিয়া হোটেলেই সম্পন্ন হবে। এ ব্যাপারে জাহিদুল জানান, ‘তার ক্ষত এখন পরিষ্কার এবং সেরে ওঠার পথে। আগামী তিন দিন ড্রেসিং করব আমরা। এরপর শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি পুনরায় নিউরোসার্জনের পরামর্শ নেওয়া হবে।”
চলতি বিপিএলে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলেছেন ফিজ। বাঁহাতি এই পেসারের শিকার দলের সর্বোচ্চ ১১ উইকেট। ফরচুন বরিশালের বিপক্ষে ৩২ রানে ৩ উইকেট তার এবারের সেরা।