‘ফুল’ হাসি ফুটিয়েছে গরিবের মুখে

‘৭ টাকা দিয়ে এক কেজি সিম, এক কেজি আলু, এক কেজি বেগুন, একটি ফুলকপি, দুই আঁটি ধনে পাতা, দুই আটি পালং শাক এবং একটি ডিম কিনেছি। প্রায় তিন’শ টাকার বাজার। আমার ছাওয়াটা ডিম পায়া খুব খুশি হইছে’। ৭ টাকায় ব্যাগ ভর্তি সবজি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সাতচন্দ্রখানা গ্রামের রিনা রানী।

তার মতো ব্যাগ ভর্তি  সবজি হাতে অনেকের মুখে হাসি ফুটিয়েছে বেসরকারি একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফাইট আনটিল লাইট’ (ফুল)। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে ফুলবাড়ী উপজেলা পরিষদের সামনে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ।

সংগঠনটির নির্বাহী পরিচালক আব্দুল কাদের জানান,  জেলার সদর উপজেলা, ফুলবাড়ী উপজেলা ও রাজারহাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে ৭ টাকার সবজি বিক্রির কার্যক্রম চলবে।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ বলেন, বেসরকারি সংগঠন ‘ফুল’ অর্থায়নে উপজেলার অভাবী মানুষরা মাত্র ৭ টাকায় ব্যাগ ভর্তি বাজার করার সুযোগ পেয়েছে। সংগঠনটি ত্রাণ না দিয়ে নামমাত্র টাকায় গরীব মানুষের বাজারের সুযোগ দিয়েছে। ফুল সংগঠনের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।

‘ফুল’ সংগঠনের নির্বাহী পরিচালক আবদুল কাদের বলেন, দীর্ঘদিন থেকে এ সংগঠন গরীব ও অসহায় মানুষের জন্য বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে। আমরা ত্রাণ প্রথা থেকে মানুষকে বেরিয়ে এসে সম্মানের সঙ্গে বাঁচবার জন্য ৭ টাকা করে নিচ্ছি। এছাড়াও আমাদের সংগঠন থেকে নাগেশ্বরী উপজেলা, ফুলবাড়ী উপজেলা, রাজারহাট উপজেলায় গরীব ও অসহায় মানুষদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা দিয়ে আসছে।