সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১ মার্চ থেকে নতুন দাম কার্যকর হবে। ‘দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা’-বিষয়ক টাস্কফোর্সের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আমদানিকারক ও পরিশোধনকারী মিলমালিকদের নিয়ে এই বৈঠক হয়। বৈঠকে টিকে গ্রুপ, সিটি গ্রুপ, এস আলম, বসুন্ধরা গ্রুপের প্রতিনিধিরা ছিলেন।
বৈঠক শেষে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু সাংবাদিকদের বলেন, ‘সরকার ৫ টাকা ট্যারিফ কমিয়েছে। প্রধানমন্ত্রী প্রত্যাশা করেন, বড় শিল্প গ্রুপ এবং ব্যবসায়ীরাও সামাজিক দায়বদ্ধতায় এগিয়ে আসবেন। সবকিছু বিবেচনায় আমাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ব্যবসায়ীরা ভোজ্য তেলের দাম প্রতি লিটারে ১০ টাকা কমানোর জন্য একমত হয়েছেন। তারা নিজেরাই প্রস্তাবটা করেছেন।’
তিনি বলেন, ‘রমজানে সর্বোচ্চ বাজারমূল্য প্রতি এক লিটারের বোতল ১৬৩ টাকা করার বিষয়ে আমরা একমত হয়েছি। যে মূল্যটা ছিল ১৭৩ টাকা এবং তার আগের বছরে ১৮৫ টাকার মতো ছিল।’
সেই হিসাবে খোলা সয়াবিন তেল ১৫৯ থেকে কমিয়ে ১৪৯ টাকা করা হয়েছে। নির্ধারিত দামে ভোজ্য তেল বিক্রি করা না হলে ১৯৫৬ সালের এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট, ভোক্তা অধিকার আইন ও বিশেষ ক্ষমতা আইনে প্রয়োজনে মামলা করা হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।
আহসানুল ইসলাম আরও বলেন, ‘আপনারা জানেন আমাদের ট্যারিফের সার্কুলারটা এসেছে ৮ ফেব্রুয়ারি, যেকোনো জাহাজের বিদেশ থেকে আসতে প্রায় এক মাস লেগে যায় এবং সেটা খালাস করে ভোক্তাপর্যায়ে যেতে ন্যূনতম দুই মাস লেগে যায়। দুই মাস আমাদের রমজানের নেই। তবে আমাদের বিশেষ অনুরোধে ব্যবসায়ীরা এই বাজার মূল্যটা ১ মার্চ থেকে কার্যকর করবেন।’
তিনি আরও বলেন, ব্যবসায়ীরা জানিয়েছেন আমদানিকৃত যে পণ্য আছে এবং যে পরিমাণ মজুদ আছে এটা রমজানের জন্য যথেষ্ট।