দশ বছর পর আবার কোনো ফ্র্যাঞ্চাইজি পেল অ্যান্টিগা। আসছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দেখা যাবে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস নামে নতুন এই দলকে। তিনবারের সিপিএল চ্যাম্পিয়ন ও সাকিব আল হাসানের সাবেক দল জ্যামাইকা তালাওয়াসকে আর দেখা যাবে না প্রতিযোগিতাটিতে।
জ্যামাইকা সিপিএলে আর থাকছে তা নিশ্চিত হয়েছিল গত ডিসেম্বরেই। তখনই জানানো হয় এবার অ্যান্টিগার কোনো দল সে জায়গা পূরণ করবে। অবশেষে ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষ ওয়ার্ল্ডওয়াইড স্পোর্টস ম্যানেজমেন্ট মঙ্গলবার অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে এক অনুষ্ঠানে দলের নাম ঘোষণা করে। এই স্টেডিয়ামই হবে দলটির ঘরের মাঠ। আগামী ২৮ আগস্ট থেকে ৬ অক্টোবর হবে এবারের সিপিএল।
অ্যান্টিগার একটি দল শুরুতে ছিল সিপিএলে। অ্যান্টিগা হকবিলস নামের সেই দল প্রথম দুই আসর মিলিয়ে স্রেফ তিনটি ম্যাচ জিততে পারে। এরপর দলটি টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায়। তাদের বদলে ২০১৫ আসর থেকে অংশ নেয় সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।