সাকিবের সমান কীর্তি তাইজুলের, তবুও রানপাহাড়ে চাপা বাংলাদেশ

আপডেট : ২৯ জুন ২০২৬, ০৮:০৮ পিএম

বাংলাদেশের কাঁধের ওপর রানের পাহাড় চাপিয়েছে জিম্বাবুয়ে। হারারে টেস্টের প্রথম দিনে নাজমুল হোসেন শান্তদের ১৪০ রানে অলআউট করে প্রথম ইনিংসে ১৩৬ রান তোলে স্বাগতিকরা। আজ দ্বিতীয় দিনে হাতে থাকা ৯ উইকেটে আরও ২৬৬ রান যোগ করেছে তারা। সব মিলিয়ে ৪১০ রানে অলআউট হওয়ার আগে ২৭০ রানের লিড পেয়েছে দলটি। সফরকারীদের হয়ে সর্বাধিক ৭ উইকেট নেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। টেস্টে এ নিয়ে ১৯বার এই কীর্তি গড়েন তিনি। দেশের হয়ে সর্বোচ্চ ১৯বার পাঁচ উইকেট নিয়ে এতদিন চূড়ায় একা ছিলেন সাকিব আল হাসান।

ইনোসেন্ট কাইয়া ৭৬ ও ব্রেন্ডন টেইলর ১৭ রানে আজ দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামেন। তবে এই জুটি বড় হতে দেননি খালেদ আহমেদ। ৭ রানে নিজের দ্বিতীয় শিকার ধরেন এই ডানহাতি পেসার। টেইলর থামেন ১৭ রানে। তবে তৃতীয় উইকেট জুটিতে আবার প্রতিরোধ গড়ে জিম্বাবুয়ে। ব্রায়ান বেনেটকে নিয়ে বাংলাদেশি বোলারদের শাসন করে কাইয়া, তুলে নেন টেস্ট ক্যারিয়ারে নিজের প্রথম সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটে এটি তার দ্বিতীয় শতক। আগেরটিও বাংলাদেশের বিপক্ষে, ২০২২ সালে ওয়ানডেতে।

বেনেট ফিফটির দেখা পান। টেস্ট ক্যারিয়ারে এটা তার তৃতীয় অর্ধশতক, সবগুলোই বাংলাদেশের বিপক্ষে। যদিও এরপর নিজের ইনিংসটাকে বড় করতে পারেননি তিনি। তাইজুলের বলে ৫৯ রানে আউট হন বেনেট। ভাঙে ১০৭ রানের জুটি। কিছুক্ষণ পর কাইয়াকেও একই পথে ফেরান এই বাঁহাতি স্পিনার। জিম্বাবুয়ের ওপেনার খেলেন ১৪০ রানের ইনিংস। এতে দুটি রেকর্ডে নাম জড়ান তিনি। জিম্বাবুয়ের হয়ে টেস্টে প্রথম সেঞ্চুরি করা ব্যাটারদের তালিকায় পঞ্চম সর্বোচ্চ রানের রেকর্ডের পাশপাশি দেশটির ওপেনারদের মধ্যেও পঞ্চম সর্বোচ্চ রানের রেকর্ড এটি। এরপর নতুন ব্যাটার টাফাডজাওয়া সিগা দ্রুত রান আউট হলে খেলায় ফেরে সফরকারীরা।

তবে এই চাপ ধরে রাখতে পারেননি বোলাররা। ২৮০ রানে ৫ উইকেট হারানো স্বাগতিকরা আবার বড় জুটিতে রান পাহাড়ের দিকে ছোটে। ষষ্ঠ উইকেটে ক্রেইগ আরভিন ও ওয়েসলি মাধাভেরে যোগ করেন ১০২ রান। দুজনেই ফিফটি তুলে নেন। ৬০ রানে আউট হওয়া আরভিন ১৬ ইনিংস পর অর্ধশতকের দেখা পান। মাধাভেরে অপরাজিত থাকেন ৭৭ রান রানে। এর মাঝে ব্র্যাড ইভান্স ও নিউম্যান নিয়ামুরিকে আউট করে পাঁচ উইকেট শিকারের কীর্তি গড়েন তাইজুল। এতে সাকিবের পাশে নাম লেখান তিনি। তবে এখানেই থামেননি এই বাঁহাতি স্পিনার। পরে ফেরান জিম্বাবুয়ের অধিনায়ক রিচার্ড এনগারভা ও ব্লেসিং মুজারাবানিকে। তার এমন ক্ষুরধার বোলিংয়ের পরেও চারশ ছাড়িয়ে স্বাগতিকদের সংগ্রহ। এতে একমাত্র টেস্টে ইনিংস হারের শঙ্কা নিয়ে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত