সাকিবের পর কাউন্টিতে দ্বিতীয় বাংলাদেশি, 'স্বপ্নপূরণ' বললেন হাসান 

আপডেট : ০৯ জুন ২০২৬, ০৭:০৮ পিএম

ইনজুরির কারণে গত কয়েকটা মাস ক্রিকেটের বাইরে থাকতে হয়েছিল তাঁকে। চলমান ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) মাঝপথে লিজেন্ডস অব রূপগঞ্জের হাত ধরে চেনা আঙিনায় ফিরেছিলেন। তবে এবার ইনজুরি কাটিয়ে ফেরা এই পেসারের সামনে হাজির হলো স্বপ্নের মতো এক বড় সুযোগ। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের মর্যাদাপূর্ণ কাউন্টি ক্রিকেটে খেলার ডাক পেয়েছেন ডানহাতি পেসার হাসান মাহমুদ।

ঐতিহ্যবাহী ইংলিশ কাউন্টি ক্লাব কেন্ট ক্রিকেট আজ (মঙ্গলবার) এক আনুষ্ঠানিক বিবৃতিতে হাসানের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। ক্লাবটির হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপের চলতি মৌসুমে মোট ছয়টি ম্যাচ খেলবেন ২৬ বছর বয়সী এই বাংলাদেশি তারকা।

নতুন এই যাত্রায় নিজের উচ্ছ্বাস প্রকাশ করে হাসান মাহমুদ বলেন, "কেন্টের মতো একটি ঐতিহাসিক ক্লাবে কাউন্টি ক্রিকেট খেলার সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত গর্বের। এটা আমার একটা স্বপ্নপূরণ। এই অর্জন শুধু আমার একার নয়, পুরো বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্যই আনন্দের ও গর্বের একটি মুহূর্ত।"

চুক্তি অনুযায়ী দুই দফায় কেন্টের জার্সিতে মাঠে নামবেন হাসান। চলতি জুনে খেলবেন দুটি ম্যাচ এবং বাকি চার ম্যাচ খেলবেন আগামী সেপ্টেম্বরে, মৌসুমের একেবারে শেষ ভাগে।

১২-১৫ জুন প্রথম ম্যাচ ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে (অ্যাওয়ে ম্যাচ)। দ্বিতীয় ম্যাচ ১৯-২২ জুন, মিডলসেক্সের বিপক্ষে (হোম ম্যা)।
এই দুটি ম্যাচ শেষ করে তিনি সাময়িকভাবে দেশে ফিরবেন। এরপর সেপ্টেম্বরের শেষভাগের বাকি চার ম্যাচ খেলতে আবারও ইংল্যান্ডের বিমান ধরবেন এই পেসার।

কেন্ট কাউন্টির ওয়েসবাইটে হাসান মাহমুদের বিবৃতি

দলের প্রধান কোচ অ্যাডাম হোলিওক এবং ডিরেক্টর অব ক্রিকেট সাইমন কুকের সঙ্গে নিজের ভূমিকা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে জানিয়ে হাসান আরও বলেন, "আমি দলের সাফল্যের জন্য নিজের সেরাটা দিতে শতভাগ প্রস্তুত। যুক্তরাজ্যে থাকা বাংলাদেশি সমর্থকদের মাঠে এসে আমাদের সমর্থন জোগানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।"

কেন্ট ক্রিকেটের ইতিহাসে হাসান মাহমুদই হতে যাচ্ছেন প্রথম বাংলাদেশি ক্রিকেটার। এর আগে বাংলাদেশের হয়ে একমাত্র সাকিব আল হাসান কাউন্টি ক্রিকেটে ওস্টারশায়ার ও সারের হয়ে খেলেছিলেন। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) নিয়ম অনুযায়ী, একটি কাউন্টি দল সর্বোচ্চ চারজন বিদেশি খেলোয়াড় নিবন্ধন করতে পারে এবং একসঙ্গে একাদশে সর্বোচ্চ দুজন খেলতে পারেন।

হাসানকে দলে পেয়ে উচ্ছ্বসিত কেন্টের ডিরেক্টর অব ক্রিকেট সাইমন কুক। তিনি বলেন, "মৌসুমের শেষভাগে আমাদের বোলিং আক্রমণে আন্তর্জাতিক মানের গতি যোগ করতে হাসানকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। তাঁর অন্তর্ভুক্তি আমাদের স্কোয়াডকে আরও শক্তিশালী করবে। চলমান মৌসুমে আমাদের বোলারদের ওপর যে ধকল গেছে, হাসানের আগমনে সেই ক্লান্তি কাটিয়ে নতুন শক্তি নিয়ে আমরা বাকি ম্যাচগুলো খেলতে পারব।"

২০২৪ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেকের পর এ পর্যন্ত কাউন্টির দীর্ঘ সংস্করণে ৩৬টি উইকেট শিকার করেছেন হাসান মাহমুদ। এর মধ্যে গত বছরের আগস্টে পাকিস্তানের বিরুদ্ধে ৫ উইকেট নেওয়া (৪৩ রানে ৫ উইকেট) তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা বোলিং পারফরম্যান্স। এবার লাল বলের সেই কার্যকারিতা ইংলিশ কন্ডিশনেও মেলে ধরার বড় চ্যালেঞ্জ এই তরুণ পেসারের সামনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত