মৌসুম শেষেই টুখেলকে বিদায় দিচ্ছে বায়ার্ন

বায়ার্ন মিনিখকে বুন্দেসলিগার এবারের মৌসুমে যেন চেনাই যাচ্ছে না। যে প্রতিযোগিতায় তারা সর্বশেষ ১১ বারের চ্যাম্পিয়ন, সেখানেই এই মৌসুমে এখন বায়ার্ন শীর্ষে থাকা লেভারকুসেনের চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে। তারমধ্যে সবশেষ তিন টুর্নামেন্টের তিন ম্যাচেই হার। ফলে গুঞ্জন উঠেছিল কোচ টমাস টুখেলের চাকরি যেতে পারে। শেষ পর্যন্ত সেটাই সত্য হতে চলেছে।

টুখেলকে ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে বায়ার্ন। তবে এখনই নয়, টুখেল ক্লাব ছাড়বেন মৌসুম শেষে। আজ এক বিবৃতিতে মৌসুম শেষে টুখেলের বিদায়ের খবর নিশ্চিত করেছে বায়ার্ন।

আজ এক বিবৃতিতে বায়ার্ন জানিয়েছে, ‘এফসি বায়ার্ন মিউনিখ ও প্রধান কোচ টমাস টুখেল যৌথভাবে দাপ্তরিক সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছে, যা মূলত ২০২৫ সালের ৩০ জুন শেষ হওয়ার কথা ছিল। এখন সেটি ২০২৪ সালের ৩০ জুন শেষ হবে। ক্লাবের প্রধান নির্বাহী ইয়ান ক্রিস্টিয়ান ড্রেসেন ও টুখেলের গঠনমূলক বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

লিগে ৮ পয়েন্টে পিছিয়ে দ্বিতীয় স্থানে থাকা বায়ার্ন চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে লাৎসিওর কাছে ১-০ গোলে হেরে গেছে। জার্মান কাপ থেকেও ছিটকে পড়েছে জার্মানির সবচেয়ে সফল ক্লাবটি।

স্কাই স্পোর্টস জানিয়েছে, আগামী মৌসুমে নতুন কোচ হিসেবে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড কোচ ওলে গুনার সুলশার কিংবা সাবেক রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদানকে আনার কথা ভাবছে বায়ার্ন।